স্বাস্থ্য অধিদপ্তরের চার সহস্রাধিক পদ শূন্য

আপডেট : ১৪ জুলাই ২০১৩, ২২:৫০
সারাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ২০টি পদমর্যাদার চার সহস্রাধিক পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদ পূরণের উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে গতকাল রবিবার অনুষ্ঠিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। সংসদ সচিবালয় জানায়, শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্যরা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করে। বৈঠকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইতিপূর্বে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ এবং বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কেও আলোচনা হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসারের ৬৯টি পদ শূন্য রয়েছে। ইতিমধ্যে এসব পদে নিয়োগের ব্যাপারে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। বর্তমানে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে। অপরদিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ১৬টি ক্যাটাগরির ৫৪৪টি পদ শূন্য রয়েছে। এছাড়া জেলা পর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৪টি ক্যাটাগরির তিন হাজার ৫৩৪টি শূন্য পদে জনবল নিয়োগ প্রক্রিয়াও চলমান রয়েছে। বৈঠকে কমিটির সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গরিব রোগীদের বিনামূল্যে চিকিত্সা সুবিধা প্রদান এবং আইসিইউ ইউনিট সম্প্রসারণের সুপারিশ করে। এছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগের সাথে জড়িতদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি প্রদানেরও সুপারিশ করা হয়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মজিবুর রহমান ফকির, ডা. মোহাম্মদ আমানউল্লাহ, মো. আনোয়ার হোসেন, মো. মুরাদ হাসান এবং জেড আই এম মোস্তফা আলী বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।