হুমায়ূন আহমেদ স্মরণে ৪ দিনব্যাপী আয়োজন

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২০:৪৩
দেশের খ্যাতিমান কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে চার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা। এই আয়োজনের মধ্যে ১৮ জুলাই বেলা ১২টা ৫ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদের শেষ চিত্রনাট্যে টেলিছবি ‘যদি ভালো না লাগে তো দিও না মন’। পরিচালনা করেছেন রায়হান খান। পুনঃসম্পাদনার মাধ্যমে প্রচারিতব্য এ টেলিছবিতে অভিনয় করেছেন সুইস অভিনেত্রী—মডেল জেনিন, বাংলাদেশের চিত্রতারকা পূর্ণিমা, মডেল নোবেল প্রমুখ। এদিন বেলা ২টা ৪০ মিনিটে প্রচার হবে রবি এ সপ্তাহের ছবি হুমায়ূন আহমেদের ‘দুই দুয়ারী’। প্রচার হবে রাত ১১টা ৩০ মিনিটে হুমায়ূন আহমেদ রচিত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে গান করবেন বারী সিদ্দিকী ও সুবীর নন্দী। ১৯ জুলাই পুরোদিনের অনুষ্ঠানমালা সাজানো হয়েছে হুমায়ূন আহমেদ স্মরণে। এ ধারাবাহিকতায় সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদ স্মরণে গান ও আবৃত্তি অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’। ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ‘তৃতীয় মাত্রা’। এসবের পাশাপাশি আরও রয়েছে সিনেমার গান, টেলিফিল্ম, তার পরিচালিত চলচ্চিত্র, আত্মজীবনীমূলক আলেখ্যানুষ্ঠান ইত্যাদি।