কলকাতার সোমচন্দার সাথে এবারে গাইলেন জুয়েল মোর্শেদ। কলকাতার এ সময়ের জনপ্রিয় প্লে-ব্যাক শিল্পী সোমচন্দার সাথে জুয়েল তার জনপ্রিয় গান ‘বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি’-এ গানটির দ্বিতীয় ভার্সনে কণ্ঠ দিলেন। এরই মধ্যে গানটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার টপচার্টে জুয়েলের গাওয়া অ্যালবামটি বেশ ভালো অবস্থানে রয়েছে। এ ছাড়া কলকাতার আনন্দবাজার পাবলিকেশন্সের উনিশ কুড়িসহ বিভিন্ন মিডিয়ায় জুয়েলের গাওয়া গানের প্রশংসাসূচক রিভিউ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, জুয়েলের এই জনপ্রিয় গানটির প্রথম সহশিল্পী ছিলেন কণা। তবে বিভিন্ন ভিডিও এবং গানের প্রমোশনে সহশিল্পী জুয়েলকে অসহযোগিতা করায় পরবর্তীতে মডেল দিয়েই জুয়েল এ গানের ভিডিও শেষ করেন। সোমচন্দার সাথে গান প্রসঙ্গে জুয়েল বলেন, ‘অসাধারণ মেলোডি রয়েছে তার ভয়েসে। আমি মূলত সোমলতার সাথে ট্র্যাক তৈরির জন্যই সেখানে যাই। কিন্তু সেখানে গিয়েই সোমচন্দার সাথে পরিচয় হয়। এক কথায় আগামী দিনের অলকা ইয়াগনিক এমন মন্তব্য ওখানকার বিভিন্ন প্রমোটাররাই বলছেন। আমার সাথে তার এই ডুয়েট গানটিও এক অন্য মাত্রায় গিয়ে পৌঁছেছে। খুব শিগগিরই তার সাথে আমার গানের ভিডিওটি রিলিজ দেব। এ ছাড়া এবারের ঈদে ‘অমিয়সুধা’ নামের একটি তারকাবহুল মিক্সড অ্যালবামে আমার ‘যাবে যদি’ শিরোনামে একটি গান যাচ্ছে। যা এবারের ঈদে সেলিব্রেটি মিউজিকের ব্যানারে মুক্তি পাবে।’
