কালান্তর

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২০:৪৪
এটিএন বাংলায় আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘কালান্তর’। ধারাবাহিকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে। পান্থ শাহরিয়ারের রচনা এবং সৈমো নজরুলের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন—আবুল হায়াত, ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, তারিন, ইন্তেখাব দিনার, সুইটি, বিজরী, শতাব্দী ওয়াদুদ, নাদিয়া, বড়দা মিঠু প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে—হায়দার সাহেব একজন ব্যবসায়ী। এক কথায় বিত্তবান যাকে বলে। স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়ে ও নাতনীকে নিয়ে তার সাংসারিক জীবন। হায়দার সাহেব এখন অবসরে আছেন। তার সমস্ত ব্যবসা দেখাশোনা করেন মেয়ে পুনম। মেজো ছেলে রাহাত অন্য একটা অফিসে চাকরি করে। আর সবচেয়ে ছোট ছেলে রাতুল ভবঘুরে। তার ধারণা তাকে দিয়ে এ জীবনে আর কিছুই হবে না। সে এখন একটা মেয়ের পিছনে ঘুরছে। মেয়েটির নাম পলা। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।