পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদিবাসী অঞ্চলে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলা এবং সেনাবাহিনীর পৃথক এক বিমান হামলায় ২ বিদেশিসহ সন্দেহভাজন অন্তত ১৯ জঙ্গি নিহত হয়েছে। রোববার কয়েকটি নিরাপত্তা সূত্র একথা জানিয়েছে। খাইবার পাখতুনখা প্রদেশের আদিবাসী অধ্যুষিত দু’টি এলাকায় রোববার পাকিস্তান বিমান বাহিনীর জঙ্গি বিমান হামলায় অন্তত ১৭ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা। এ হামলায় অন্তত ৭টি জঙ্গি আস্তানা ধ্বংস হওয়া ছাড়াও ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার অন্য দুই নিরাপত্তা কর্মকর্তা। অন্যদিকে, উত্তর ওয়াজিরিস্তানে শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ২ মটরসাইকেল আরোহী জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। তিনি জানান, ওই ২ ব্যক্তি খুব সম্ভবত আরব নাগরিক। তারা মোসাকি গ্রামের মধ্যদিয়ে যাওয়ার সময় ড্রোন হামলার শিকার হয়। তাদের পরিচয় পরিষ্কার জানা যায়নি। তবে তারা তুর্কিমেনিস্তানের বিদেশি জঙ্গি বলে জানিয়েছে অন্য একটি নিরাপত্তা সূত্র।
