পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন মঈন খান

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২১:৩৬
পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক এবং অধিনায়ক মঈন খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান নির্বাচক নির্বাচিত হয়েছেন। পিসিবি সূত্রে এ কথা জানা গেছে। মঈন ১৯৯০ সালে টেস্ট অভিষেকের পর পরবর্তীতে ১৩টি ম্যাচে দেশকে নেতৃত্বও দেন। টেস্টে দেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ডিসমিসালের মালিক এই তারকা বলেন, ‘জাতীয় নির্বাচক কমিটির সভাপতি হওয়াটা আমার জন্য দারুণ একটা সুযোগ এবং সম্মান। কারণ, এই পদে এর আগে বিখ্যাত সব ব্যক্তিরা কাজ করেছেন। ইকবাল কাশিমের মতো কিংবদন্তি সর্বশেষ এই পদে ছিলেন।’ নতুন এই দায়িত্বকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিতে চান জানিয়ে ওয়ানডেতে পাকিস্থানের ইতিহাসে সর্বোচ্চ ২৮৭ ডিসমিসালের মালিক মঈন আরো বলেন, ‘আমি চ্যালেঞ্জটা নিয়েছি এবং আমি খুশি যে, এক্ষেত্রে পিসিবি এবং আমার ভবিষ্যত্ পরিকল্পনাটা মিলে গেছে। আমাদের লক্ষ্য হচ্ছে ২০১৫ বিশ্বকাপে এমন একটা দল তৈরী করা যারা কিনা বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম থাকে।’ পিসিবি জানিয়েছে, আগের নির্বাচক কমিটির বাদবাকি সদস্যরা মঈনের অধীনেই কাজ করবেন।