অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত চলতি সপ্তাহে জাপান আন্তর্জাতিক সহযোগী সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট আশিহিকো তানাকার সাথে সাক্ষাত্ এবং আন্তর্জাতিক আর্ট ফ্যাস্টিবালে যোগ দিতে জাপান যাচ্ছেন। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বলা হয়েছে, আগামী বুধবার অর্থমন্ত্রীর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। শুক্রবার টোকিওতে তিনি জাইকা প্রধানের সাথে সাক্ষাত্ করবেন। জাইকা প্রধানের সাথে বৈঠকে কোন এজেন্ডা গুরুত্ব পাবে এ বিষয়ে বিস্তারিত উল্লেখ না করলেও বাংলাদেশের বৃহত্তর অবকাঠামো প্রকল্প আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর মাসে জাইকা প্রধানের সাথে মুহিতের সর্বশেষ বৈঠক হয়। এ সময় তানাকা বাংলাদেশের পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়টি অর্থমন্ত্রীকে নিশ্চিত করেন। এর আগে গত মে মাসে নয়াদিল্লীতে এডিবির বার্ষিক সাধারণ সভায় যোগদান শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, এডিবি ও জাইকা পদ্মা সেতুতে অর্থায়নে ফিরে আসবে।
