দিনাজপুরে ৩১৩টি কমিউনিটি ক্লিনিক হরহামেসাই বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০০
দিনাজপুর জেলার সদরসহ ৩১৩ টি কমিউনিটি ক্লিনিক হরহামেসাই বন্ধ থাকছে। দায়সারাভাবে চলছে কমিউনিটি ক্লিনিকেল কার্যক্রম। চিকিত্সা নিতে এসে ক্লিনিক বন্ধ থাকায় রোগীরা ফিরে যাচ্ছে। তদারকি না থাকার কারণে কর্মরত সিএএইচসিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সহকারীরা দিনের পর দিন কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। আওয়ামী লীগ সরকার প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা দোড়গোড়ায় পৌঁছে দিতে ১৯৯৮ সালে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিকে কার্যক্রম বন্ধ করে দেয়। পুনরায় ২০০২ সালে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পুনঃজীবিত করে সরকার ৩ মাসের স্বাস্থ্য বিষয়ক ট্রেনিং দিয়ে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ১ জন সার্বক্ষণিক সিএইচসিপি নিয়োগ করেন। তাকে সহযোগিতা করতে সপ্তাহে ৩ দিন স্বাস্থ্য সহকারী ও ৩ দিন পরিবার কল্যাণ সহকারী থাকার কথা। সরকারের এই পদক্ষেপটি শুধুমাত্র তদারকি না করার কারণে ভেস্তে যেতে বসেছে। দিনাজপুর সদর উপজেলার ২৫টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রমের মধ্যে ১৫টি কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্লিনিকে তালা ঝুলছে। প্রতিটি উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলো তদারকি করে থাকেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমির আলী জানান, কিছু কিছু কমিউনিটি ক্লিনিক মাঝে মাঝে বন্ধ থাকে বলে অভিযোগ এসেছে। এর সত্যতা পেলেই ব্যবস্থা নেয়া হবে।