হযরত শাহজালাল বিমানবন্দরে বিদেশে পাচারকালে ২ কোটি ১৫ লাখ টাকার বিদেশি মুদ্রা আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পুলিশ সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে।
ডিবির উপ-কমিশনার (উত্তর) জানান, ডিবি জানতে পারে যে এমিরেট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যুবক বিপুল পরিমাণ অবৈধ মুদ্রা নিয়ে দুবাই যাচ্ছে। সোমবার বিমানবন্দরে হাতিয়ার বাসিন্দা সুমনের বোর্ডিং কার্ড ইস্যু হওয়ার পর তার লাগেজ তল্লাশি করা হয়। লাগেজে একটি মুড়ির প্যাকেটে কৌশলে বিভিন্ন দেশের মুদ্রা লুকিয়ে রাখা হয়েছিল। যা থেকে সৌদি রিয়াল ৬ লাখ ১৫ হাজার, দুবাই দিরহাম ১ লাখ ৯৮ হাজার, কাতার দিনার ৪৮ হাজার, বাহারাইন দিরহাম ১৭ হাজার ও ৯শ’ ১৭ ইউরো উদ্ধার হয়। উদ্ধারকৃত মুদ্রার বাংলাদেশি মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা। ঘটনার পর সুমনকে গ্রেফতার করে ডিবি অফিসে নেয়া হয়েছে।
ডিবির উপ-কমিশনার জানান, একটি হুন্ডি চক্র সুমনকে দিয়ে ঐ মুদ্রা বিদেশে পাচার করছিল। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই হুন্ডি চক্রের সদস্যদের সনাক্ত করা সম্ভব হবে। এদিকে, বিমানবন্দরের এক্সপোর্ট কার্গো হতে ৭ কার্টন মালামালসহ মিলন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
সিনিয়র এএসপি জানান, বিমানবন্দরের রফতানি কার্গো হতে ৭ কার্টন মালামাল ও কাভার্ড ভ্যানসহ মিলনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, ঐ মালামাল কার্গো ভবন থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল। মিলনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।
