স্ত্রী জোত্স্না আক্তারকে হত্যার দায়ে স্বামী বারহাট্টা উপজেলার ছালিপুড়া গ্রামের আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়েছে। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর গতকাল সোমবার আসামির উপস্থিতিতেই এই রায় প্রদান করেন নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ। মামলা সূত্রে জানা গেছে, বারহাট্টার উপজেলার ছালিপুড়া গ্রামের আবুল কাশেম ২০০০ সালের ২ জুন রাতে স্ত্রী জোত্স্না আক্তারকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি ধামা চাপা দেবার জন্য স্ত্রীর গলায় দড়ি বেঁধে নিকটবর্তী একটি গাছে ঝুলিয়ে রেখে স্ত্রী আত্মহত্যা করেছে বলে রটিয়ে দেয় কাশেম। কিন্তু লাশের ময়না তদন্তে এটি হত্যা বলে রিপোর্ট প্রদান করা হয়। পুলিশ কাশেমের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে এবং তাকে গ্রেফতার করে।
