সুন্দরগঞ্জ উপজেলার নদী ভাঙ্গনে বসতবাড়িসহ আশ্রয়ণ প্রকল্প হুমকির মুখে পড়েছে। কাপাসিয়া ইউনিয়নে কাজিয়ার চরে কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত আশ্রয়ণ প্রকল্পটি নদী ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে। এ পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর বন্যায় ধসে গেছে। আশ্রয়ণ প্রকল্পের ভাঙ্গন ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও আহসান হাবিব, পিআইও জহিরুল ইসলাম, স্থানীয় চেয়ারম্যান মঞ্জু মিয়ার তত্ত্বাবধানে এলাকার সাধারণ মানুষ নিয়ে আশ্রয়ণ প্রকল্পটি রক্ষার জন্য স্বেচ্ছা শ্রমের মাধ্যমে বাঁশের পাইলিং ও বালির বস্তা ডাম্পিং করা হচ্ছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হলে চরাঞ্চলের শত শত মানুষ পানিবন্দী হয়ে পড়ে। কাপাশিয়া, উজান বুড়াইল, বাদামের চর, বোচাগাড়ি, মিন্টু মিয়ার চর, কাজিয়ার চর, বেলকা ও হরিপুর ইউনিয়নের চরাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হয়ে শত শত মানুষ পানিবন্দী।
জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক গত শনিবার ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রতিজনকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। নদী ভাঙ্গন থেকে আশ্রয়ণ প্রকল্পকে স্থায়ীভাবে রোধ করার জন্য ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
