নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ও ভুলতা এলাকার গ্রাহকের প্রায় ১৭ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফারইস্ট ইসলামী কো-অপারেটিভ সোসাইটি লি.(এফআইসিএল) নামে একটি মাল্টিপারপাস কোম্পানি। এ মাল্টিপারপাস কোম্পানির প্রতারণার প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা প্রশাসনের কাছে বার বার আবেদন-নিবেদন করেও কোনো ফল পাচ্ছে না। টাকা আদায়ের জন্য ক্ষতিগ্রস্ত গ্রাহকরা এফআইসিএল গ্রাহক কল্যাণ পরিষদ নামে একটি সংগঠন তৈরি করেন। এ সংগঠনের শতাধিক গ্রাহক গতকাল সোমবার কাঞ্চন বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে কাঞ্চন বাজার মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমানউল্লাহ।
জানা যায়, এফআইপিএল ২০১০ সালে ক্ষুদ্র ও সঞ্চয় বিনিয়োগ প্রকল্প, নির্ধারিত মেয়াদে জমা, মাসিক লভ্যাংশের ভিত্তিতে জমা, মাসিক সঞ্চয়, রিয়েল এস্টেট, এগ্রো প্রজেক্ট, ওষুধ কোম্পানি, ফিলিং স্টেশন, হোটেল-রেস্টুরেন্ট, অটো রাইস মিল, হাসপাতালসহ এফআইসিএল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার দেয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ শুরু করে।
এফআইসিএল গ্রুপের ভুলতা শাখার ব্যবস্থাপক নুরুজ্জামান ও প্রশাসনের কামরুজ্জামান, কাঞ্চন শাখার ব্যবস্থাপক মাসুদ রানার মোবাইলে একাধিকবার ফোন করেও তাদের পাওয়া যায়নি।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর বলেন, এফআইসিএলের প্রতারণার বিষয়টি শুনেছি। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
