মোহনগঞ্জে কর্মসৃজনের ৫ লাখ টাকা ফেরত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:০৮
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নে ৪টি সড়ক পুনঃনির্মাণের কাজের জন্য ২০১২-১৩ অর্থবছরে কর্মসৃজন কর্মসূচির আওতায় বরাদ্দকৃত ৬ লাখ ৪৪ হাজার টাকার মধ্যে ৫ লাখ ২৫ হাজার টাকা প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ৩০ জুন সরকারি কোষাগারে ফেরত গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্মসৃজন কর্মসূচির আওতায় বিগত অর্থবছরে উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের নওগাঁও দৃষ্টিনন্দন সড়ক থেকে আব্দুল মতিন মাস্টারের বাড়ি পর্যন্ত, আখৈলখলা বিন্নাবাড়ি থেকে হাতনী গ্রামের দুলাল মিয়ার বাড়ি পর্যন্ত দক্ষিণ জগদীশপুর থেকে মানারকান্দি মসজিদ পর্যন্ত ও ঝিমটি বাজারের মোড় থেকে দলবল গ্রাম পর্যন্ত এ ৪টি সড়কের পুনঃনির্মাণ কাজের জন্য ৬ লাখ ৪৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। একই সঙ্গে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য ৪টি পিআইসি কমিটি গঠন করা হয়। প্রকল্পগুলোর সভাপতি হলেন যথাক্রমে ইউপি সদস্য হুসনা আক্তার, অনুপ রায়, উজ্জ্বল মিয়া ও দর্জু মিয়া। প্রকল্পগুলোর কাজ ৬ এপ্রিল থেকে ২৫ জুনের মধ্যে সম্পন্ন করার সময়সীমাও বেঁধে দেয়া হয়। কিন্তু গত মে মাসে এলজিএসপি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা বিএনপির প্রভাবশালী নেতা বড়তলী-বানিয়াহারি ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম খান রানাকে সাময়িকভাবে সাসপেন্ড করায় প্রকল্পগুলোর কাজ থেমে যায়। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আরিফুর রহমান জানান, ওই ইউনিয়নের গৃহীত ৪টি প্রকল্পের মধ্যে নওগাঁও দৃষ্টিনন্দন সড়ক থেকে মতিন মাস্টারের বাড়ি পর্যন্ত সড়ক পুনঃনির্মাণ কাজ সম্পন্ন করা হলেও ইউপি চেয়ারম্যান বরখাস্ত হওয়ার কারণে বাকি ৩টি প্রকল্পের কাজ বাস্তবায়নে বিঘ্নতা ঘটে। যার জন্য এ ৩টি প্রকল্পের ৫ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।