রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের বারিবিন্দুঘাট থেকে ৮ জুলাই অপহূত টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির এক সহকারী প্রকৌশলীসহ চারজন প্রতিনিধি এখনও উদ্ধার হয়নি। অপহূতদের উদ্ধারে যৌথবাহিনীর উদ্ধার অভিযানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে সামাজিকভাবে তাদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছে প্রশাসন।
গত সোমবার মোবাইল কোম্পানি টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির কর্মীরা ঢাকা থেকে খাগড়াছড়ি হয়ে বাঘাইছড়ি উপজেলায় যান। পরে তারা উপজেলা সদর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে বারিবিন্দুঘাটে টেলিটকের টাওয়ারের ত্রুটির মেরামত করতে যান। কাজ শেষ করে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের অপহরণ করে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল জানান, অপহূতদের উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযানের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বি-টেকনোজির সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম তার প্রতিষ্ঠানের চার প্রতিনিধি অপহূত হয়েছেন বলে গত বৃহস্পতিবার বাঘাইছড়ি থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
রাঙ্গামাটি পুলিশ সুপার আমেনা বেগম বলেন, অপহূতদের উদ্ধারের জন্য যৌথ বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে লাগানো হচ্ছে।
মারিশ্যা বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাকির হোসেন জানান, অপহূতদের উদ্ধারের জন্য বিজিবি সদস্যদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে। তাদের উদ্ধারে বিজিবির অপারেশন চলছে। কিছু কিছু জায়গা চিহ্নিত করে কর্ডন করে রাখা হয়েছে বলে তিনি জানান।
