প্রায় এক মাস থেকে পল্লী বিদ্যুতের একটি কংক্রিটের খাম্বা হেলে পড়েছে পাশের গাছের ওপর। বিদ্যুতের তার লেগে জ্বলে গেছে গাছের ডাল-পাতা। ওই এলাকার পাশ দিয়ে খালি পায়ে গেলেই পা আটকে যায়, শরীরে ঝাঁকুনি দেয়। এর পাশেই একটি খাম্বার তার ঝুলে পড়েছে জমির উপর। কৃষকরা জমিতে হাল চাষ করতে পারছে না। এ নিয়ে বার বার পল্লী বিদ্যুত্ অফিসে অভিযোগ দেয়ার পরও কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। জানা গেছে, জেলা সদরের বলেয়া পাড়া গ্রামের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন চলে গেছে। শুরুতে কাঠের খাম্বা দিয়ে বিদ্যুত্ সংযোগ দেয়া হলেও গত কয়েক মাস আগে ওই লাইনের পাশ দিয়ে কংক্রিটের তৈরী খাম্বা দিয়ে আরো একটি লাইন নেয়া হয়। বৃষ্টিপাত শুরুর পর থেকেই একটি কংক্রিটের খাম্বা অনেকটা বাঁকা হয়ে পাশের ইউক্যালিপটাস গাছের সারিতে গিয়ে পড়ে। কাঁচা গাছের ওপর বিদ্যুতের লাইন যাওয়ায় অনেক গাছের পাতা ও ডাল জ্বলে গেছে। একটু বাতাস হলেই গাছে আগুন জ্বলছে। এখানো ওই এলাকায় কেউ যাবার সাহস পায় না। বলেয়া পাড়া গ্রামের বৃদ্ধা সমিজান বেওয়া বলেন, কয়েকদিন আগে গাছের নীচ দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে যেন মাটিতে পা আটকে গেল। পা তুলে নেয়ার শক্তি পর্যন্ত পাচ্ছিলাম না। শরীর এমন ঝাঁকুনি দেয়া শুরু করল যে মনে হয় আমি মরে গেলাম। অনেক চেষ্টার পর সেখান থেকে ফিরে এসেছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত্ সমিতি পঞ্চগড় আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আগের করা অভিযোগ আমাকে জানানো হয়নি। এখন জানলাম। ব্যাপারটি আমি দেখছি।
