জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আমি মহাজোট থেকে বেরিয়ে আসলে যদি অন্য কেউ বা কোনো দল কিংবা কোন জোট লাভবান হবে তাহলে সেরকম অবস্থায় আমি মহাজোট থেকে বেরিয়ে আসবো না।’ গতকাল সোমবার দুপুরে রংপুর পুলিশ কমিউনিটি মিলনায়তনে জাতীয় পার্টির (এ) বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, আমি একজন সোলজার এবং খুব হিসাবী মানুষ। কখন, কিভাবে, কোন্ সময় মহাজোট থেকে বেরিয়ে আসতে হবে, সেটার দায়-দায়িত্ব আমার।
তিনি বলেন, জাতীয় সংসদ এখন দুর্নীতি, প্রহসন এবং কুরুচিকর বক্তব্যের জায়গা। সংসদীয় গণতন্ত্র এখন অনেকটাই অকার্যকর। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ৯০ বছরের সাজা দেয়ায় আবারও জাগবে শাহবাগ। আবারও গোলাম আযমের ফাঁসির দাবিতে শুরু হবে আন্দোলনের খেলা। তিনি বলেন, ৯৬ বছরের বৃদ্ধকে দেয়া হয়েছে ৯০ বছরের জেল। এটা ভালো রায়।
এরশাদ বলেন, ঢাকায় বসে আর প্রার্থী মনোনয়ন দেয়া হবে না। ২০২০ সালের মধ্যে দলে ৩০ ভাগ নারীর অন্তর্ভুক্তির ঘোষণা দেন এরশাদ। এর অংশ হিসাবে আগামী সংসদ নির্বাচনে যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে।
জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য এবং জেলা ও মহানগর সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফখর-উজ-জামান জাহাঙ্গীর, তাজুল ইসলাম চৌধুরী, আবুল মাসুদ চৌধুরী নান্টু, অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী, সায়মা শাহনাজ পিংকী, রশিদুল ইসলাম প্রমুখ।
