ঢাকা-বরিশাল নৌপথের যাত্রীদের ভোগান্তি দূর করতে নানা পদক্ষেপ

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:৫৯
ঈদে যাত্রী ভোগান্তি দূর ও দুর্ঘটনা রোধে বরিশাল-ঢাকা নৌরুট সামান্য পরিবর্তন করা হয়েছে। নদী পথের পোটকার চর চ্যানেল পরিবর্তন করে রাজাপুর চ্যানেল অন্তর্ভুক্ত করা হয়েছে। শিগগির এ রুটে অতিরিক্ত বয়াবাতি, বিকন বাতি ও মার্কার সংযোজন করা হবে। বরিশাল নৌ বন্দর টার্মিনালের গ্যাংওয়ে ঠিক রাখার জন্য অতিরিক্ত একটি স্পার্ক সংযোজনের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। স্পার্ক একটি থাকায় লঞ্চ ভিড়লে গ্যাংওয়েতে বেশি চাপ পড়ে। নতুন আরো একটি স্পার্ক নির্মাণের জন্য বন্দর কর্মকর্তার দপ্তর থেকে কেন্দ্রীয় কার্যালয় একাধিকবার চিঠি দেয়া হলেও কোন সুরাহা হয়নি। ঈদের পূর্বে ওই স্পার্ক বসানোর জন্য সম্মতি জানিয়েছে বিআইডব্লিউটিএ। একই সাথে ঢাকা-বরিশাল নৌরুটে পূর্বের চেয়ে অধিক বয়াবাতি, মার্কার সংযোজন করা হবে বলে জানিয়েছে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ। এছাড়া চেইন নোঙ্গর সংস্কার করার কাজ শিগগির শুরু করার কথা জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা। বিআইডব্লিউটিএ’র নির্বাহী প্রকৌশলী শাহনেওয়াজ কবির জানান, ঈদকে সামনে রেখে অতিরিক্ত একটি স্পার্ক আনা হচ্ছে। আর স্পার্ক আনলে গ্যাংওয়ে ঠিক হয়ে যাবে, নৌযান চালকের পাশাপাশি সাধারণ যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে।