নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় স্কয়ারের কর্মকর্তা নিহত

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২৩:০০
মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কয়ার কনজুমারস প্রোডাক্টস লিমিটেডের মার্কেটিং সুপারভাইজার প্রদীপ সরকার (৩৬)। গতকাল সোমবার সকালে নরসিংদী-শিবপুর সড়কের শিবপুর বাজার সংলগ্ন মাছিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, প্রদীপ সরকার সকালে মোটর সাইকেল যোগে শিবপুর বাজারে যাওয়ার সময় হঠাত্ একটি গরু তার মোটর সাইকেলের সামনে এসে পড়ে। গরুটি বাঁচাতে গিয়ে মোটর সাইকেল নিয়ন্ত্রণে আনার চেষ্টাকালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল উল্টে প্রদীপ সরকার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ প্রদীপ সরকারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে প্রদীপের লাশ তার শ্যালক দৈনিক ইত্তেফাকের সহ-সম্পাদক অলক বিশ্বাস গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ে যান। প্রদীপ সরকার স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।