ভর্তি পরীক্ষায় প্রথম
‘বি’ ইউনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফজলে রাব্বি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে চান তাদের সবার তালিকা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকে তা আর নতুন করে বলতে হয় না। তবে যারাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ইচ্ছে পোষণ করেন তাদের সবার কাছে আইন বিষয়ে পড়া একটা লোভনীয় বিষয়ও বটে। আর চার মাস পরেই শুরু হয়ে যাবে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তিযুদ্ধ। যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হতে চান তাদের জন্যেই এবারের আয়োজন। হাজার হাজার প্রতিযোগীদের মধ্যে থেকে কিভাবে আইন বিভাগে চান্স পাওয়া যায় সেই সম্পর্কে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফজলে রাব্বী। তার সাথে কথা বলেছেন— জাকির হোসেন তমাল
আমি বিজ্ঞানে পড়াশুনা করলেও সাহিত্য, কবিতা ও উপন্যাসের ভালোবাসায় বিশ্ববিদ্যালয়ে এসে বাংলা বিভাগে পড়ার মনস্ত করি। সে লক্ষ্যেই পড়াশুনা চালাতে থাকি। ছোট থেকেই বিশ্ববিদ্যালয়ে পড়ার অদম্য ইচ্ছা থাকলেও আর দশজন শিক্ষার্থীর মতো এইচএসসি পাসের পরে কোনো কোচিং সেন্টারে ভর্তি হইনি। কোচিং ছাড়াই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। রাজশাহী ভালো লাগায় আর কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার প্রয়োজনও বোধ করিনি। তবে বাংলা বিভাগে পড়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত বড় ভাইদের কথা শুনে ওই বিষয়ে আর পরীক্ষা দেয়ার সুযোগ হয়নি আমার। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যে কোচিংয়ের প্রয়োজন হয় না তাই প্রমাণ করেছেন রাব্বি।
এইচএসসি পাসের পরে কোচিং না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের মতো ভালো বিষয়ে ভর্তি পরীক্ষায় কিভাবে প্রথম হলেন? সোজা উত্তর-ইচ্ছা ও মনোবল থাকলে সব কিছু করা সম্ভব। বাংলার প্রতি ঝোঁক থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতির ফাঁকে বিভিন্ন উপন্যাস পড়তাম। রাত সাড়ে দশটা বাজার সাথে সাথে ছুটে যেতাম বিবিসি বাংলার রাতের খবর শোনার জন্যে। কতো ঘণ্টা পড়াশুনা করতেন বলার সাথে সাথে হাসি মাখা উত্তর-যখন ভালো লাগতো পড়া শুরু করে দিতাম। তবে সাধারণ জ্ঞানের জন্যে আজকের বিশ্ব পড়তাম সেই নবম শ্রেণি থেকে। এটা খুব কাজ দিয়েছে আমার।
তবে যারা আইন বিভাগে ভর্তি হতে চান তাদেরকে সাধারণ জ্ঞানের চেয়ে বাংলা ও ইংরেজিতে বেশি গুরুত্ব দিতে হবে। কেননা সাধারণ জ্ঞানের জন্যে এখানে মাত্র ২০টি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রতিটি প্রশ্নের জন্যে নম্বর থাকে পয়েন্ট ৬ করে। তবে সাধারণ জ্ঞানকে একেবারে বাদ দিয়ে প্রস্তুতি নিতে বলেননি তিনি। সাধারণ জ্ঞানে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ের জন্যে ওরাকল, আজকের বিশ্ব পড়ার পরামর্শ দেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তির জন্যে বাংলায় ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। তবে বাংলার জন্যে প্রথম ও দ্বিতীয়পত্র পড়তে হবে সমান তালে। দুই পার্ট থেকেই গড়ে প্রশ্ন হয়ে থাকে। এর জন্যে এইচএসসির বাংলা সাহিত্য ও নবম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র পড়তে হবে। সহায়ক বই হিসেবে প্রভাত বাংলা, বাংলা প্লাস ও পারাবার পড়ার পরামর্শ দেন রাব্বি।
গত কয়েক বছরের ভর্তি পরীক্ষার প্রশ্নে বিশেষ করে দেখা গেছে, গদ্য ও কবিতা অংশ থেকে সমান প্রশ্ন কমোন পড়েছে। এ জন্যে গদ্যের মূল বিষয়, গদ্য লেখক পরিচিতি, তার সাহিত্যকর্ম, জীবনী ইত্যাদি বিষয় জানতে হবে। কবিতার জন্যে উপন্যাস ‘পদ্মা নদীর মাঝি’ বা নাটক ‘রক্তাক্ত প্রান্তর’ থেকেও অনেকবার প্রশ্ন আসতে দেখা গেছে। ব্যাকরণ অংশের জন্য ভাষা, বাংলা ভাষা, ব্যাকরণ, শব্দ, কারক, সমাস, সন্ধি, বিভক্তি, বচন, বাক্য সংকোচন, বাগধারা, উপসর্গ, অনুসর্গ বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে। এভাবে অনুশীলন করে সামনে এগিয়ে যেতে বলেন তিনি।
আইন বিভাগে সবচেয়ে বেশি যে বিষয়টি পড়তে হবে তা হলো ইংরেজি। কারণ, কোনোবারই ইংরেজি থেকে হুবহু কমোন পড়ে না। প্রতিবারই প্রশ্নের বিষয় পরিবর্তন হয়। এখানেও ৪০টি প্রশ্নের উত্তর দিতে হয়। এই বিভাগের প্রতিটি প্রশ্নে মান থাকে পয়েন্ট ৬ করে। ইংরেজির ক্ষেত্রে শিক্ষার্থীদের ব্যাকরণ বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। পাশাপাশি ইংরেজ কবি ও সাহিত্যিক, বিশেষ করে যাদের লেখা এইচএসসির সিলেবাসে রয়েছে তাদের জীবন ও সাহিত্যকর্ম, লেখার বিষয়, উদ্ধৃতি ইত্যাদি বিষয়ও মনে রাখতে হবে। ইংরেজিতে ভালো করতে শব্দ ভাণ্ডারের প্রতি গুরুত্ব দেন রাব্বি।
