বশিরউদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজ

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ১৯:৩৫
ঢাকা জেলার মিরপুর থানাধীন আহম্মদনগরে বশির উদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজটি অবস্থিত। এলাকার ছালেম উদ্দিন এলাকার সর্বস্তরের জনগণের সহযোগিতায় তার পিতার নামে ১৯৬৮ সালে এ স্কুলটি প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে কলেজ শাখা খোলা হয়। বর্তমানে দুই হাজার ছাত্র/ছাত্রী অধ্যয়ন করছে। এখানে প্রথম থেকে দ্বাদশ শ্র্রেণি পর্যন্ত ছাত্র/ছাত্রী ভর্তি করানো হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী, জে.এস.সি. এস.এস.সি পরীক্ষার কেন্দ্র আছে। শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় সত্তর। বোর্ড পরীক্ষায় প্রতি বছরের ফলাফল সন্তোষজনক। প্রতিষ্ঠানটি চারতলা বিশিষ্ট বিশাল অট্টালিকা। প্রায় চল্লিশটি কক্ষ রয়েছে। নিচতলায় অফিস, অধ্যক্ষের কক্ষ, সহকারী প্রধান শিক্ষকের কক্ষ ও শিক্ষক মিলনায়তন রয়েছে। চার তলায় কলেজ শাখার ক্লাস চলে। প্রতিষ্ঠানে রয়েছে আলহাজ্ব জালেম উদ্দিন লাইব্রেরী। আরো আছে একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব ও অত্যাধুনিক যন্ত্রপাতিসহ সুবিশাল বিজ্ঞানাগার। প্রতিষ্ঠানটিতে দুটি পর্ব অনুষ্ঠিত হয়। প্রভাতী পর্বে স্কুল শাখার ছাত্রীদের এবং কলেজ শাখার ক্লাস চলে। স্কুল শাখার ছাত্রদের ক্লাস চলে দিবা পর্বে। উভয় পর্বে একজন করে সহকারী প্রধান শিক্ষক রয়েছেন। আমাদের প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ মো. বিল্লাল হোসেনসহ সকল শিক্ষক অত্যন্ত আন্তরিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। দিন দিন প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে উন্নতি হচ্ছে। প্রতি বছর বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। স্কাউট, গার্লস গাইড সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। প্রতি বছর নির্ধারিত সময়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষকবৃন্দ সকল ছাত্র/ছাত্রীর প্রতি সমান যত্ন নিয়ে থাকেন। সকাল ০৭:১৫ মিনিটে প্রভাতী পর্বে দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ০৭:৩০ মিনিটে প্রভাতী পর্বের ক্লাস আরম্ভ হয়, ১২:০০ ছুটি হয়। ১২:১৫ মিনিটে দিবা পর্বের দৈনিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং ক্লাস আরম্ভ হয় ১২:৩০ মিনিটে। ৪:৩০ মিনিটে দিবা পর্ব ছুটি হয়। প্রতিষ্ঠানে রয়েছে একটি দক্ষ পরিচালনা পরিষদ। আলী আকবর হোসেন আকন্দ একজন দক্ষ অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি এ প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি। গভর্নিং বডির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন এস.এম হানিফ, আলহাজ্ব জামাল উদ্দিন আহমদ, রিয়াজ উদ্দিন, মীর মনিরুল ইসলাম, মজির হোসেন, মো. আব্দুল মজিদ, মো. হারেছ ইমাম, জাহানারা আক্তার জুলি, আবু বক্কার শেখ, মো. নজরুল ইসলাম, মিসেস দেলোয়ারা বেগম, মো. বিল্লাল হোসেন (সদস্য সচিব)। আমাদের প্রতিষ্ঠানটি দেখতে খুব সুন্দর। রয়েছে সুবিশাল মাঠ, যা ঢাকা শহরে বিরল। নিয়ম, কানুন নিরাপত্তা ব্যবস্থা খুবই ভাল। আমি এ বিদ্যালয়ে অধ্যয়ন করে খুবই গর্বিত।