মেঘের দেশে মেঘ বালিকা মেঘের ঘরে বাস করে
আষাঢ় এলে মেঘের ক্ষেতে মিষ্টিমেঘের চাষ করে।
রোদ বৃষ্টি ইলশে গুঁড়ি অঝর ধারা ঝুমুর ঝুম
দীঘল চুলে আকাশ ঢাকে-সূর্যটাকে পাড়ায় ঘুম।
মেঘ বালিকা কালচে কালো-কখনো সাদা বরণ তার
দেশ থেকে দেশ দেশান্তরে ভিন্ন রকম গড়ন তার।
সদাই সাথী বিজলী আলো—আকাশ চিরে চমত্কার
কেউ জানে না এই মেয়েটা মনটা কাড়ে কখন কার।
মেঘের কোলে রোদের হাসি কদম হাসে সঙ্গে তার
ভালোবাসার পাত্র আছে সবুজ শ্যামল বঙ্গে তার!
