মুক্তির আগেই অনন্ত’র রেকর্ড!

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৩২
পরিচালক হিসেবে প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে, তাই খানিকটা টেনশনেই আছেন হালের আলোচিত চলচ্চিত্র তারকা এম এ জলিল অনন্ত। তবে শুরুতেই বাজিমাত করেছেন তিনি। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালোবাসা’ এরই মধ্যে দেশের রেকর্ড সংখ্যক সিনেমা হলে মুক্তি পাবে। সেদিক দিয়ে মুক্তির আগেই রেকর্ড গড়লেন অনন্ত। প্রায় ২ শতাধিক সিনেমা হলে এরই মধ্যে বুকিং চূড়ান্ত হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত বলেন, ‘একটি বিশ্বমানের চলচ্চিত্র তৈরি করব। তা আপনজন মিলে কয়েকটি হলে দেখব। এরপর বাহবা কুড়াতে পরিচিত দেশে লবি করে যাব। ওইসব আমার ভেতরে নেই। আমি দর্শকদের সাথে প্রতারণা করতে পারব না। এ কারণে আমার প্রতিটি চলচ্চিত্র সর্বাধিক সিনেমা হলে মুক্তির রেকর্ড গড়েছে। আর আধুনিক কারিগরি সহায়তায় এই ছবিটি আগের সব কিছু থেকেই আলাদা। ছবিটির প্রিমিয়ারের পর থেকেই সারাদেশ থেকে ছবিটি প্রদর্শনীর জন্য অনেকেই ছুটে আসছে। এবারের ঈদে সবকিছু ঠিক থাকলে এটি দর্শকদের কাছে ঈদের অন্যতম উপহার হবে বলে আমার বিশ্বাস।’ উল্লেখ্য, শুধু ‘নিঃস্বার্থ ভালোবাসা’-ই নয়। ‘মোস্ট ওয়েলকাম’ সিরিজের সিক্যুয়েল ছবি ‘মোস্ট ওয়েলকাম টু’ ছবিটিও পরিচালনা করছেন এম এ জলিল অনন্ত।