গানে নিজেকে প্রতিষ্ঠিত করতেই প্রাণান্ত চেষ্টা করছেন সাবা। ‘তোমায় ভালোবেশে’ শিরোনামের একটি গান গেয়েই গানের খাতায় নাম লেখান মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার ৩য় রানারআপ সাবরিনা সাবা। শিল্পী মাহমুদ সানির সঙ্গে গাওয়া এ গানটি গত বছর বাজারে আসে। সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে এগোনো।
সাবরিনা সাবার এ পর্যন্ত ৫টি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। এরমধ্যে ‘রোমিও জুলিয়েট’ অ্যালবামে শিল্পী অনিকের সঙ্গে গাওয়া ডুয়েট ‘হূদয়ে তুমি’। এ গানের মিউজিক ভিডিওটি এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। এরইমধ্যে দর্শক-শ্রোতাদের মনোযোগ কেড়েছে। সম্প্রতি ‘জনম জনম তোমাকে’ মিক্সড অ্যালবামে অনিকের সঙ্গে ‘পাঁজরের মাঝে’ একটি ডুয়েট গান গেয়েছেন সাবা। আসছে রোজার ঈদে অ্যালবামটি প্রকাশিত হবে। এ ছাড়াও ঈদের জন্য মাহমুদ সানীর একটি মিক্সড অ্যালবামে ‘লজ্জা-২’ শিরোনামের একটি একক গানে কণ্ঠ দিবেন সাবা।
বর্তমানে সাবা ছায়ানটের সমাপণী বর্ষের ছাত্রী। প্রতিযোগিতার এই শহরে গানে নিজেকে প্রতিষ্ঠিত করতেই প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি তার এই আগ্রহ। ভিকারুননিসা নুন কলেজে এইচএসসি ২য় বর্ষে বিজ্ঞান বিষয়ে পড়ছেন তিনি। ছায়ানটের নজরুল সংগীতের উপর তালিম নিয়েছেন খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ, কল্পনার কাছে। পাশাপাশি তালিম নিচ্ছেন সুরসপ্তক একাডেমীতে ফেরদৌস আরা ও নীলিমা দাশের কাছে। আর ক্ল্যাসিক্যাল শিখছেন অনিল কুমার সাহার কাছে। বর্তমানে ব্যস্ত রয়েছেন একক অ্যালবামের কাজ নিয়ে।
