বন বিভাগের লোকজনের বিরুদ্ধে উপজেলার ছলিমগঞ্জ-শ্রীঘর সড়কের দু’পাশের বিভিন্ন প্রজাতির ২৬টি বড় বড় গাছ বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিন এলাকায় গেলে এ গাছ কাটার দৃশ্য চোখে পড়ে। এলাকাবাসির অভিযোগ, এই সড়কের ১৭ বছরের পুরনো কড়ই, শিশু গাছ কেটে বিক্রি করে দিয়েছেন উপজেলা বন বিভাগের ফরেস্ট গার্ড রুহুল আমিন, সামাজিক বন বিভাগ প্রকল্পের স্থানীয় সভাপতি সায়েদ মিয়া, সদস্য আব্দুর রহমান, রজব আলী ও মান্নান। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। জানা যায়, ১৯৯৬ সালে সামাজিক বনায়ন প্রকল্পের মাধ্যমে এই গাছগুলো রোপণ করা হয়। পর্যায়ক্রমে অধিকাংশ গাছ বিক্রি করে দেয় বনায়ন প্রকল্প কমিটির লোকজন। এবিষয়ে বন বিভাগের ফরেস্ট গার্ড রুহুল আমিন বলেন, গাছ বিক্রির সাথে আমি জড়িত নই, তবে বিষয়টি শুনেছি। মরা গাছ কাটতে হলেও আমাদের অনুমতি লাগে। যারা এই গাছ বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সামাজিক বনায়ন প্রকল্পের সভাপতি সায়েদ মিয়া বলেন, ফরেস্টার স্যার অর্ডার দেয়ায় ১৪টি মরা গাছ কাটছি। রুহুল আমিন স্যার মৌখিকভাবে অনুমতি দিয়েছেন।
