মুক্তিপণের টাকাসহ পুলিশ পুত্রদ্বয় আটক

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৫
শ্রীপুরের ব্যবসায়ী ইজ্জত আলীর ছেলে রাসেল ফকিরকে অপহরণ করে প্রায় ৩০ লাখ টাকা মুক্তিপণ নেয়ার অভিযোগে পুলিশ পুত্র রাকিব ও তার বন্ধু রাব্বিকে মুক্তিপণের ৮ লাখ ৪৮ হাজার টাকাসহ শ্রীপুর পুলিশ গ্রেফতার করেছে। সূত্র জানায়, শ্রীপুর সদরের মাওনা চৌরাস্তার ব্যবসায়ী ইজ্জত আলী ফকিরের পুত্র জাহিদুল ইসলাম ফকির রাসেল ৩১ মে অপহূত হয়। ৪ দিন পর রাসেলের বাবা ২৯ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে পুত্রকে ফিরে পান। মামলার আইও শ্রীপুর থানার এসআই অচিন্ত দেবনাথ ভিকটিমের মোবাইল কললিস্ট সার্চ করে গত শনিবার রাতে টঙ্গী থানার পুলিশ সদস্যের দু’পুত্র রাকিব ও রাব্বিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে রাকিব অপহরণের কথা স্বীকার করে। তার দেয়া তথ্য মতে পুলিশ একটি খড়ের গাদা থেকে মুক্তিপণের ৮ লাখ ৪৮ হাজার টাকা উদ্ধার করে। আটক রাকিব জানায়, অপহূত রাসেল ও তার বন্ধু আশরাফুল পরিকল্পিতভাবে অপহরণ নাটক সাজিয়ে রাসেলের বাবার নিকট থেকে মুক্তিপণের নামে টাকা হাতিয়ে নেয়। পরে ওই টাকা থেকে ১৫ লাখ টাকা অপহূত রাসেল নিয়ে যায় ও বাকি সাড়ে ১৪ লাখ টাকা আশরাফুল এবং রাকিবের মধ্যে ভাগ বাটোয়ারা হয়। অপহূতর বাবা ইজ্জত আলী ফকির জানায়, পুলিশ কনস্টেবলের দু’পুত্রকে রক্ষা করতে অপহরণ ঘটনাটিকে সাজানো বলা হচ্ছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, মুক্তিপণের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হয়েছে।