গত সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারপাড়া থেকে ছিনতাইকারীরা প্রায় অর্ধকোটি টাকার রড বোঝাই একটি ট্রাক ছিনতাই করে। গতকাল মঙ্গলবার সকালে মাধবদী থানা পুলিশের সহায়তায় দাউদকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে নরসিংদী জেলার মাধবদী থেকে ছিনতাইকৃত রড বোঝাই ট্রাকটি উদ্ধার করেছে এবং ছিনতাইয়ের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে। দাউদকান্দি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ২০ টন রড বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৮৯৯৫) দাউদকান্দি উপজেলার বারপাড়ার কাছে থামিয়ে চালক ও হেলপার হোটেলে খাওয়া-দাওয়া করতে যায়। হোটেলে খাওয়ার সময় ছিনতাইকারীরা তাদেরকে পানির সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। রড বোঝাই ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ যাওয়ার কথা ছিল। দাউদকান্দি থানার টহল পুলিশ এ ঘটনা জানার পর ট্রাকটির খোঁজে নামে এবং নরসিংদীর মাধবদী থেকে উদ্ধার করে।
