রাজশাহীতে নারী শিল্প উদ্যোক্তাদের বিক্ষোভ

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২০:৫৭
নারী শিল্প উদ্যোক্তাদের ঋণ সুবিধার ক্ষেত্রে অবহেলা ও দুর্নীতি বন্ধের দাবিতে সোমবার নগরীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত নারী উদ্যোক্তা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ যৌথভাবে এ কর্মসূচি পালন করে। বেলা ১১টা থেকে সাহেব বাজার জিরোপয়েণ্টে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে নারী শিল্প উদ্যোক্তাদের বরাদ্দকৃত জমিতে ব্যবসা প্রতিষ্ঠান বাস্তবায়নে বাধা ও চক্রান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, বিসিক এলাকায় তারা তাদের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারছেন না। নারীদের কর্মস্থানের জন্য এসএমই ফাউন্ডেশন থেকে বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে সর্বশেষ ২৫ লাখ টাকা আর্থিক ঋণ প্রদানের সরকারি নির্দেশনা থাকলে তা রাজশাহীর বিভিন্ন ব্যাংক উপেক্ষা করে চলেছে। ঋণ দেয়ার নামে এসব ব্যাংক থেকে নারী উদ্যোক্তাদের প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে কর্মসূচিতে পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জামাত খান, চেম্বার সভাপতি আবু বাক্কার আলী, দেবাশিষ প্রামাণিক দেবু, শাহনাজ পারভীন সাগরিকা, মণিঘোষ, হাসনা আরা বেগম সূচি, সেলিনা বেগম প্রমুখ।