কয়রায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কয়রা (খুলনা) সংবাদদাতা \ কয়রা উপজেলা সদরে বালিকা বিদ্যালয় মোড়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কাঁঠালে কার্বাইড মেশানোর সময় হাতেনাতে আনিসুর রহমানকে আটক করে। গতকাল সোমবার এ অভিযান চালানো হয়। খাদ্যে কার্বাইড মেশানোর অভিযোগে বিশুদ্ধ খাদ্য আইনে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হাসান ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
কামরুজ্জামান ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান
তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান মহাজন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জানা যায়, উক্ত ইউনিয়নে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রম সফলভাবে বাস্তায়নের জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগের উপ-পরিচালক স্বাক্ষরিত এক প্রশংসাপত্রে এ ইউনিয়নকে শ্রেষ্ঠ ইউনিয়ন এবং চেয়ারম্যানকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেছেন।
কাশিয়ানীতে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে না
কাশিয়ানী (গোপালগঞ্জ) সংবাদদাতা \ পবিত্র রমজান মাসেও কাশিয়ানীতে টিসিবির দোকান বন্ধ থাকায় সাধারণ ক্রেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্রেতাসাধারণের বিশেষ সুবিধার লক্ষ্যে সরকারের দেয়া নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাশিয়ানী উপজেলার অধিকাংশ টিসিবির ডিলার তাদের দোকান বন্ধ রাখায় প্রতিদিন শত শত ক্রেতা পণ্যদ্রব্য কিনতে এসে ফিরে যাচ্ছে। যার ফলে সাধারণ ক্রেতাদের মাঝে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাজারমূল্য থেকে টিসিবির পণ্যদ্রব্যের মূল্য কম থাকায় ডিলাররা মাল তুলে অন্যত্র বিক্রি করে দিচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
রূপগঞ্জে ওলামা দলের কমিটি ঘোষণা
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে ডা. মো. ফজলুল হককে সভাপতি, মুকবুল হোসেন সরকারকে সাধারণ সম্পাদক ও সাদিকুর রহমান রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ওলামাদলের ৩১ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গতকাল সোমবার গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হেলাল সরকার, খলিফা আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক জাহিদ হাসান কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজ সরকার, অর্থ সম্পাদক হযরত আলী, স্বাস্থ্য সম্পাদক সফিউল্লাহ, পল্লী উন্নয়ন সম্পাদক আমানউল্লাহ, আমির হামজা, আব্দুর রউফ চৌধুরী, আলম মিয়া, নাছিরউদ্দিন, কামাল হোসেন, মজিবুর রহমান ভুঁইয়া, মোহাম্মদ আলী, আব্দুল হাই তালুকদার, শাহিন মিয়া, আব্দুস সোবহান, হানিফ মিয়া, শরীফ মিয়া, ইব্রাহিম মিয়া, কাইয়ুম, দবির হোসেন, সিরাজ মিয়া, বিল্লাল হোসেন, রবিউল, ছাদেকুর রহমান, তমিজউদ্দিন, ছালাম মিয়া প্রমুখ।
রাজবাড়ীতে মূসক সপ্তাহ দিবসের র্যালি
রাজবাড়ী প্রতিনিধি \ ‘‘সাবাই মিলে ভ্যাট দেব, দেশ গড়ায় অংশ নেব’’ এই প্রত্যয়কে সামনে রেখে গতকাল সোমবার মূসক সপ্তাহ দিবস উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করে রাজবাড়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সকাল ১০টায় সজ্জনকান্দা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কার্যালয় হতে র্যালিটি শুরু হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান অংশ প্রদক্ষিণ শেষে কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে উপস্থিত ছিলেন রাজবাড়ী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মোস্তফা আনোয়ার হোসেন, সহকারী রাজস্ব কর্মকর্তা সুধীরচন্দ্র দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হাসান।
মতলবে পৌর অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা \ চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নামানুসারে মায়া বীর বিক্রম পৌর অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। সোমবার ছেংগারচর পৌরসভা চত্বরে মায়া বীর বিক্রম পৌর অডিটরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন ও পৌরসভা দ্বিতীয় শ্রেণিতে উন্নীত হওয়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর মেয়র রফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন।
বাঘা চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ড্রেস বিতরণ
রাজশাহী অফিস\ সোমবার বাঘা উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শাহিরয়ার আলম তার নিজস্ব তহবিল থেকে ৪৬৫ জন শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করেন। প্রধান শিক্ষক সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাজুবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড সভাপতি ফজলুর রহমান ফজল।
ভেড়ামারায় মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া ভেড়ামারায় সোমবার মাদক ব্যবসায়ী শরিফুলকে (২৪) ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। সোমবার ভেড়ামারা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া মন্ডলপাড়া এলাকার সরেজ উদ্দিনের ছেলে শরিফুলকে ১ কেজি গাঁজাসহ নিজ বাড়ি থেকে আটক করে। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম আদালত বসিয়ে শরিফুলকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
সুন্দরগঞ্জে টিসিবি’র পণ্য উত্তোলন হয়নি
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ উপজেলায় চলতি রমজান মাসে টিসিবি’র ডিলাররা পণ্যসামগ্রী উত্তোলন করেননি। রমজান মাস উপলক্ষে টিসিবি’র ডিলারের মাধ্যমে পণ্যসামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করে। এ লক্ষ্যে ১০জন ডিলার নিয়োগ করা হলেও ২জন ডিলার মাল উত্তোলন করেন। অন্যরা পণ্যসামগ্রী উত্তোলন না করায় অস্বাভাবিক হারে মুল্য বৃদ্ধি পাচ্ছে।
কাপাসিয়ায় হাতুড়ির আঘাতে সভাপতি আহত
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা\ গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করাকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর ছেলের হাতুড়ির আঘাতে সোমবার নবনির্বাচিত সভাপতি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক সহকারী শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।
বেলকুচিতে প্রতিবন্ধীদের মাঝে উপবৃত্তির চেক
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা\ বেলকুচিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সোমবার বেলকুচি উপজেলা হলরুমে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত মাধ্যমিক স্তরে ৩ জন ও প্রাথমিক স্তরের ২৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক শিক্ষা উপবৃত্তির ৯৯ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলকার নায়ন।
পঞ্চগড়ে কৃষকের পাশে আরডিআরএস
পঞ্চগড় প্রতিনিধি\ অবিরাম বর্ষণ ও উজান থেকে আসা পানি পঞ্চগড় জেলার বোদা উপজেলা প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হয় । বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোদা পৌরসভা বোদা সদর ইউনিয়ন, বড়শশী, ময়দানদীঘি। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী তিন হাজার আমন ধানের বীজতলা বন্যার পানিতে তলিয়ে যায়। সকল জাতের ধানের বীজ বীজতলায় ফেলার এখন উপযুক্ত সময়। সোমবার বোদা উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ৭০ জন কৃষক, কৃষাণীকে বিনামূল্যে ব্রি ধান-৪৯ ও বিনা-৭ জাতের আমন ধানের বীজ ০৫ কেজি করে বিতরণ করা হয় ।
গুরুদাসপুরে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা\ নাটোর গুরুদাসপুর উপজেলার ২৩জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৫০ বান্ডিল ৩ খানা ঢেউটিন ও পরিবার প্রতি ৩ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সাংসদ আব্দুল কুদ্দুস আনুষ্ঠানিকভাবে দুস্থদের হাতে ওই অনুদান তুলে দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইয়াসমিন আক্তারসহ সরকারি-বেসরকরি কর্মকর্তা ও নেতৃস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেগমগঞ্জে বৃক্ষমেলা সমাপ্ত
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা \ বেগমগঞ্জ উপজেলা কৃষি সমপ্রসারণ বিভাগ কর্তৃক আয়োজিত কৃষি অফিস সংলগ্ন স্থানে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা সমাপ্ত হয় সোমবার। সমাপনী অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌমুহনী পৌর মেয়র মামুনুর রশীদ কিরণ। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বাদশা।
চরভদ্রাসনে গরু ডাকাতি
চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা \ চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের ডাকাতরা লুটে নিল ২০টি গরু। মঙ্গলবার রাতে মাথাভাঙা গ্রামের চরের উপর থেকে জব্বার মীরের ১৪টি গরু ও একই গ্রামের শেখ সোনামিয়ার ৬টি গরু ও নগদ এক লক্ষ টাকা ডাকাতরা নিয়ে যায়। প্রত্যক্ষদর্শী ওমর লস্কর জানায়, গভীর রাতে ২০/২৫ জনের সংঘবদ্ধ ডাকাতদল ঘরে প্রবেশ করে দেশীয় ধারাল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যের হাত-পা বেঁধে গরু ও নগদ অর্থ নিয়ে ট্রলারযোগে পালিয়ে যায়।
পাটগ্রামে ৩ বখাটের কারাদণ্ড
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা \ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইসলামপুর গ্রামের এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হায়াত রহমতুল্যাহর ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার ৩ বখাটের একজনকে ৬ মাসের কারাদণ্ড ও ১২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে।
রংপুর জোনে শ্রেষ্ঠ রাকাব পীরগঞ্জ শাখা
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পীরগঞ্জ উপজেলা শাখা ২০১২-১৩ অর্থবছরে ১ কোটি ৬৯ লাখ ১১ হাজার টাকা লাভ করে রংপুর জোনের মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করেছে। ২০১১-১২ অর্থবছরের ওই শাখা ৫৬ লাখ টাকা লাভ করেছে। রাকাব পীরগঞ্জ শাখার ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন জানান, সহকর্মীদের নিরলস পরিশ্রমের কারণে রংপুর জোনের ২৭টি শাখার মধ্যে সর্বোচ্চ স্থান অধিকার করতে সক্ষম হয়েছি।
মাদারীপুরের শ্রেষ্ঠ চেয়ারম্যান মোহাম্মদ আলী
মাদারীপুর প্রতিনিধি \ সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী মুন্সী মাদারীপুর জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০০৪ সালে উপ-নির্বাচনে তিনি প্রথমবার চেয়ারম্যান এবং ২০১১ সালে তিনি পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। ৫৩ বছর বয়স্ক মোহাম্মদ আলী মুন্সী সদর উপজেলার মরহুম আফছার উদ্দিন মুন্সীর ৪ ছেলের মধ্যে বড়। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।
জীবননগরে ট্রেনে কাটা নিহতের পরিচয় মিলেছে
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সাবদালপুর-শাহাপুর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহননকৃত যুবকের পরিচয় মিলেছে। সে উপজেলার বালিহুদা গ্রামের মানিক মণ্ডলের ছেলে। আব্দুল কাদের (৪৫) শুক্রবার খালিশপুরে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। কিন্তু এরপর সে বাড়ি ফেরেনি। ৩ দিন পর আনছারবাড়িয়ায় ট্রেনে কেটে তার মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের পক্ষ হতে জানানো হয়েছে, বাড়িতে তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
ধর্মপাশায় উপবৃত্তির টাকা বিতরণ
ধর্মপাশা (সুনামগঞ্জ) সংবাদদাতা\ ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ ও ধর্মপাশা ডিগ্রি কলেজের স্নাতক পর্যায়ের ১৪৩ জন ছাত্রীর মধ্যে জনপ্রতি চার হাজার নয়শ’ টাকার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। গত সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.শাহ আলম খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতন। বক্তব্য রাখেন, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম চৌধুরী, ধর্মপাশা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো.আব্দুল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদ আলী, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতকের ছাত্রী আফরোজা চৌধুরী প্রমুখ।
