আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এবং ইন্টিরিয়র ডেকোরেশন (বিআইএফডি) এক্সপো-২০১৩। আগামী ২০ জুলাই পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উম্মুক্ত থাকবে। মেলায় ফার্নিচার, পাটপণ্য, গৃহসজ্জা সামগ্রী, গৃহের প্রয়োজনীয় সামগ্রী বিক্রয় ও উত্পাদনকারী ৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শনী করবে। গতকাল মঙ্গলবার দুপুরে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
রফতানি উন্নয়ন ব্যুরো, বাংলাদেশ ফার্নিচার রফতানিকারক সমিতি, বাংলাক্রাফট, বাংলাদেশ জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফার্নিচার মালিক সমিতির যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিবি’র ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু, মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ, ফার্নিচার রফতানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, জুট ডাইভার্সিফাইড প্রমোশন সেন্টারের নির্বাহী পরিচালক খোন্দকার মোখলেসুর রহমান, বাংলাক্রাফটের সভাপতি সেলিম হায়দারসহ আরও অনেকে।
