রাজউককে কুড়িল ফ্লাইওভারের নির্মাণ কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এরপর কোনভাবেই সময় বাড়ানো হবে না। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এ. বি. এম. ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।
সংসদ সচিবালয় জানায়, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটির নিকট ইতিপূর্বে গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটির সদস্যরা প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনাকালে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন পূর্বাচল উপশহরের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম নির্মাণাধীন কুড়িল ফ্লাইওভার।
বৈঠকে বাণিজ্যিক এলাকা কাওরান বাজারের ক্ষতিগ্রস্তদের নামে বরাদ্দকৃত আবাসিক প্লটগুলোর সকল জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।
কমিটি চারজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের তাদের আবেদনের প্রেক্ষিতে পরিত্যক্ত বাড়ি বরাদ্দের বিষয়টি দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে। এদিকে আদালতে চলমান মামলা নিষ্পত্তির পূর্বেই রাজউক কর্তৃক গুলশানে জমি বরাদ্দ সংক্রান্ত জটিলতা খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট সংসদীয় উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী বৈঠকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আহ্বায়ক স্থায়ী কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী। অপর দু’জন সদস্য জহিরুল হক ভুঞা মোহন ও কেএম খালিদ।
কমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক নরসিংদীতে আবাসিক প্রকল্প গ্রহণের জন্য আপাতত ৩৭ দশমিক পাঁচ একর ভূমি অধিগ্রহণ কার্যক্রম শেষ করে প্রকল্পের কাজ শুরু করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের পরামর্শ দিয়েছে। এছাড়া উত্তরা আবাসিক এলাকার সমপ্রসারিত তৃতীয় পর্ব থেকে উত্তরা আবাসিক এলাকার প্রথম ও দ্বিতীয় পর্বে স্থানান্তরিত প্লট সংক্রান্ত প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়। এ বিষয়ে আগামী বৈঠকে বিস্তারিত আলোচনার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কমিটির সদস্য গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, হুইপ নূর-ই-আলম চৌধুরী, মো. আব্দুছ ছাত্তার, আসাদুজ্জামান খাঁন, জহিরুল হক ভুঞা মোহন, কেএম খালিদ এবং আজিজুল হক চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেনসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
