সংসদে চারটি বিল উত্থাপন, পাস দুইটি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:১৫
জাতীয় সংসদের চলতি ১৮তম অধিবেশনের সমাপনী দিন গতকাল মঙ্গলবার দুটি বিল পাস হয়েছে। অপর দুটি বিল সংসদে উত্থাপন করা হলে পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। গতকাল দ্বিতীয় দিনের মত বিরোধীদল সংসদে অনুপস্থিত ছিলো। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল দুপুরে অধিবেশন শুরু হলে বাণিজ্যমন্ত্রী জিএম কাদের বিল দুটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে পাস হয়। বিল দুটি হলো পার্টনারশিপ অ্যাক্ট-১৯৩২ অধিকতর সংশোধনকল্পে আনা ‘পার্টনারশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ এবং সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট-১৮৬০ অধিকতর সংশোধনকল্পে আনা ‘সোসাইটি রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩। বিল দুটির ওপর বিরোধীদলের সদস্যরা জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব দেন। কিন্তু তাদের অনুপস্থিতির কারণে কোন কিছু উত্থাপিত হয়নি। পরে কণ্ঠভোটে বিল দুটি পাস হয়। কমিটিতে বিল প্রেরণ:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুজিবুর রহমান ফকির ‘মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ ইত্যাদি) বিল-২০১৩’ সংসদে উত্থাপন করেন। বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যমান আইন রহিত করে নতুন আইন প্রণয়নের উদ্দেশ্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩’ উত্থাপন করেন। এ বিলটিও অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। রিপোর্ট উত্থাপন:বাংলা একাডেমীর কাছে জাতির প্রত্যাশা পূরণে ‘বাংলা একাডেমী বিল-২০১৩’ পরীক্ষা-নিরীক্ষা শেষে সংসদে রিপোর্ট জমা দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি কাজী কেরামত আলী রিপোর্টটি উত্থাপন করেন। গত ১৪ জুলাই বিলটি সংসদে উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো হয়। কমিটি পুনর্গঠন:বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। পুনর্গঠনের মাধ্যমে কমিটিতে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিককে অন্তর্ভুক্ত করা হয়েছে।