বর্তমান সংবিধান যথাযথ অনুসরণ করলে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করতে পারবেন না। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মেদ মঙ্গলবার একথা বলেছেন। তিনি বলেন, গণহত্যা, ধর্ষণ, অসহায় মানুষকে দেশত্যাগে বাধ্য করা, তাদের বাড়িঘর, সহায়-সম্পদ পুড়িয়ে দেয়া ইত্যাদি আন্তর্জাতিক অপরাধ হিসেবে স্বীকৃত। এ ধরনের অপরাধে দণ্ডিত কোনো ব্যক্তির দণ্ডাদেশ মওকুফ সংবিধান অনুমোদন করে না।
আইনমন্ত্রী বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে মার্জনা করার যে এখতিয়ার রাষ্ট্রপতিকে দেয়া হয়েছে তা প্রয়োগের ক্ষেত্রে অপরাধের ধরন ও গুরুত্ব অবশ্যই বিবেচনায় নিতে হবে। রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ প্রয়োগের আগে ৪৭/৩ অনুচ্ছেদ বিবেচনায় নিতে হবে। উল্লেখিত দুটি অনুচ্ছেদ পাশাপাশি রেখেই রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।
বেশি বয়সের কারণে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার প্রশ্নে দেশের আইনে কোনো প্রকার বিধিনিষেধ আছে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, আইনে কোন বাধা-নিষেধ নেই, দণ্ড কি হবে তা আদালতের এখতিয়ার ও অন্তর্নিহিত ক্ষমতা।
