ক্ষমতাসীন দলের অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগে বিরোধীদলের পক্ষ থেকে ওঠা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। বিষয়টিকে তার সংস্কার পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি। ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবেন না জানিয়ে তিনি বলেছেন, স্পেনের জনগণের দেয়া ম্যান্ডেট পূর্ণ করে তবেই ক্ষমতা ছাড়বেন। এর আগে রবিবার স্পেনের প্রধান বিরোধীদলীয় সোস্যালিস্ট পার্টির নেতা আলফ্রেড পেরেজ রুবালকাবা দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। রাজয় ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যবর্তী সময়ে পার্টি পরিচালিত একটি গোপন তহবিল থেকে গোপনে অর্থ নিতেন। ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপি) সাবেক এক রাজস্ব কর্মকর্তা রাজয় এবং আরেকজন পার্টি নেতাকে নগদ ৯০ হাজার ইউরো দিতেন বলে সমপ্রতি এক বিচারকের কাছে সাক্ষ্য দিয়েছেন। দুর্নীতি ও শুল্ক ফাঁকির অভিযোগে আদালতে বিচারের মুখোমুখি পার্টির এই সাবেক রাজস্ব কর্মকর্তা লুইস বারসেনাসকে নিয়ম বহির্ভূতভাবে পাঠানো রাজয়ের একটি টেক্স ম্যাসেজ সোমবার পত্রিকায় ফাঁস হওয়ার পর তার পদত্যাগের দাবি ওঠে।
