রাজশাহীতে বৃষ্টি নেই, আমন আবাদে শঙ্কিত কৃষক

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:১৬
বর্ষা মৌসুমের অর্ধেক অতিক্রান্ত হলেও রাজশাহীতে আশানুরূপ বৃষ্টির দেখা নেই। বৃষ্টিনির্ভর আউশ ও আমন ধানের আবাদ নিয়ে চিন্তিত কৃষক। পর্যাপ্ত বৃষ্টি না হলে আউশের আবাদ ক্ষতিগ্রস্ত এবং আমনের আবাদ ব্যাহত হবে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ। কৃষকরা বলেন, বর্ষার অর্ধেক সময় অতিক্রান্ত হয়েছে। অথচ এখনো আমনের আবাদের জন্য জমি প্রস্তুতের উপযোগী বৃষ্টি হয়নি। জমিতে খরায় পুড়ছে আউশ ধান। রোপণের সময় চলে যাচ্ছে আমনের ধানের চারা। এ সময় পর্যাপ্ত বৃষ্টির প্রয়োজন। রাজশাহী বরেন্দ্র অঞ্চলের আউশ ও আমনের আবাদ বৃষ্টিনির্ভর। পানির অভাবে একদিকে জমিতে পুড়ে নষ্ট হচ্ছে আউশের আবাদ। অন্যদিকে আমন চারাও রোপণ করতে পারছেন না কৃষক। যাদের জমি সেচ সুবিধার আওতায় রয়েছে, তারা অধিক খরচের বিষয়টি স্বীকার করে সেচ দিয়ে আউশের আবাদ টিকিয়ে রেখেছেন। এমনকি তারা আমন চারা রোপণ করছেন। এ অবস্থা চলমান থাকলে এবার আউশ ও আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে আশঙ্কা কৃষকদের। পবার চর খিদিরপুরের কৃষক রজত আলী বলেন, এ সময় জমিতে প্রধান ফসল আউশ ধান। এখনো পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং সেচের ব্যবস্থা না থাকায় খরায় পুড়ছে বৃষ্টিনির্ভর আউশের আবাদ। কৃষিবিদরা বলেন, যাদের জমি সেচ সুবিধার আওতায় রয়েছে তাদেরকে সেচের মাধ্যমে দ্রুত আবাদ শেষ করার পরামর্শ দেয়া হচ্ছে। কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে রাজশাহীতে ৪২ হাজার ১১৩ হেক্টর জমিতে আউশ আবাদের টার্গেট ধরা হয়েছিল। কিন্তু প্রকৃত আবাদ হয়েছে ৪২ হাজার ৭শ’ হেক্টর জমিতে। অন্যদিকে ৬৮ হাজার ৫১৫ হেক্টর জমিতে আমন আবাদের টার্গেট ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত আবাদ হয়েছে মাত্র ৬ হাজার হেক্টর জমিতে। পর্যাপ্ত বৃষ্টি হলে পুরো জুলাই পর্যন্ত আমনের আবাদ করা যাবে বলে কৃষি বিভাগ সূত্রে জানানো হয়েছে। চলতি জুলাইয়ের ১৫ দিনে রাজশাহীতে মাত্র ৫০ মিলিমিটারের মত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।