মূল্য সংযোজন করকে (ভ্যাট) দেশের দরিদ্র ও মধ্যবিত্ত ক্রেতা সাধারণের জন্য নিপীড়নমূলক আখ্যায়িত করে তা কমিয়ে আনার দাবি জানিয়েছে ৮টি নাগরিক সংগঠন। সেই সাথে রাজস্ব বাড়াতে প্রত্যক্ষ করের (আয়কর ও কর্পোরেট কর) উপর জোর দেয়া এবং কর সংগ্রহের প্রক্রিয়ায় সকল প্রকার দুর্নীতির অবসান করার ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব সংগঠনের পক্ষ থেকে এ আহবান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইক্যুইটিবিডির সৈয়দ আমিনুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ভ্যাটের হার ১৫ শতাংশ। সিংগাপুরে এই হার মাত্র ৫ শতাংশ, থাইল্যান্ডে ৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ায় ১০ শতাংশ এবং নিউজিল্যান্ডে ১২ শতাংশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফের শর্ত মানতে গিয়ে বাংলাদেশ জীবন ধারনের জন্য নিত্য প্রয়োজনীয় উপকরণ চাল, ডাল, ভোজ্যতেল এবং স্বাস্থ্য ও শিক্ষার মত সেবার উপরও ভ্যাট বসিয়েছে। শেষ পর্যন্ত এই ভ্যাটের ভার বহন করতে হচ্ছে দেশের ক্রেতা সাধারণকে যারা মূলত দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ।
ইক্যুইটিবিডি’র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অনলাইন নলেজ সোসাইটির প্রদীপ কুমার রায়, সুরক্ষা ও অগ্রগতি ফাউন্ডেশনের জীবনানন্দ জয়ন্ত, জাতীয় শ্রমিক জোটের মেজবাহ উদ্দীন আহমেদ এবং ইক্যুইটিবিডি’র মোস্তফা কামাল আকন্দ।
