গভীর সমুদ্রে গ্যাস পাওয়া যায়নি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৬
দ্বিমাত্রিক ভূতাত্ত্বিক জরিপে গভীর সমুদ্রে গ্যাসের কোন আধার পাওয়া যায়নি। গ্যাস থাকার জন্য মাটির নিচে যে বিশেষ কাঠামো বা আধার থাকতে হয়, সেই আধারের কোন অস্তিত্বই পাওয়া যায়নি। এদিকে গ্যাসের সন্ধানে গভীর সাগরে আগামী মাস থেকেই নতুন করে জরিপ করা হবে। এবার নতুন করে অল্প অল্প এলাকা নিয়ে নিবিড়ভাবে জরিপ করা হবে। গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকে আড়াই হাজার বর্গকিলোমিটার লাইন দ্বিমাত্রিক জরিপ করে আমেরিকার তেল-গ্যাস অনুসন্ধানকারী কোম্পানি কনোকো ফিলিপস। গত বছর ফেব্রুয়ারি মাসে জরিপ শুরু হয়। জরিপ শেষ হয় মার্চে। সমপ্রতি এই জরিপের ফলাফল পেট্রোবাংলায় জমা দেয় কনোকো ফিলিপস। প্রাথমিক জরিপের এই কারিগরি প্রতিবেদন তৈরি করা হয়েছে আমেরিকায়। সমুদ্রে জরিপের পর আমেরিকায় তথ্য উপাত্ত পাঠানো হয়। সেখানে পর্যালোচনা শেষে এই প্রতিবেদন দেয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর ইত্তেফাককে বলেন, আগেরবার বড় এলাকা নিয়ে জরিপ করেছিল কনোকো ফিলিপস। এবার সাগরের ছোটো ছোটো এলাকা নির্বাচন করে জরিপ করবে। কনোকো ফিলিপস সাব-কনট্রাক্টের মাধ্যমে চীনের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বর্ডার গেটওয়ে প্রটোকলকে (বিজিপি) দিয়ে দ্বিমাত্রিক জরিপ করায়।