টাকা আত্মসাতের অভিযোগ

মিল্কভিটা কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশীট

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৭
প্রভিডেন্ড ফান্ডের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিল্কভিটার সাবেক সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. শহিদুজ্জামান খানের বিরুদ্ধে পৃথক ১০টি সম্পূরক চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। দুদক সূত্র জানায়, আসামি মো. শহিদুজ্জামান নিজ নামে তথ্য গোপন রেখে ভবিষ্যত্ তহবিল থেকে ঋণ উত্তোলনের মাধ্যমে এবং মানি রিসিটের মাধ্যমে গ্রহণকৃত টাকা ব্যাংকে জমা না দিয়ে, এফডিআর এর জন্য প্রস্তুতকৃত চেক পে-অর্ডার করে নিজ ও স্ত্রীর যৌথ নামে জিপিওতে জমা দেন। এসব প্রক্রিয়ার মাধ্যমে তিনি ১৯৯৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে মোট এক কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৯৩৬ টাকা আত্মসাত করেন। ২০০৬ সালের ৬ আগষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৫ লাখ ২৭ হাজার ৪৩৬ টাকা আত্মসাতের দায়ের রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি (মামলা নম্বর ১৯) দায়ে করা হয়। দুদকের উপ-সহকারী পরিচালক আফরোজা হক খান এসব অভিযোগের প্রমাণ পান। এসব প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে দণ্ড বিধির ৪০৯ ধারা এবং ১৯৪৭ সালের ২নং দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এ চার্জশীট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন।