এ সরকার দূর হলে দেশ থেকে অন্যায় দূর হবে :খালেদা জিয়া

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৫২
বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ আজ মহাসংকটে। এই সরকার মহাদুর্নীতিবাজ ও জুলুমবাজ। দেশের মানুষ আজ অনেক কষ্টে আছে। তাই পবিত্র মাহে রমজানে মহান আল্ল¬াহর কাছে সবাইকে দোয়া করতে হবে, যাতে এই দুর্নীতিবাজ ও জালেম সরকারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এ সরকার দূর হলে দেশ থেকে অন্যায় দূর হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর পুরাতন বিমানবন্দর এলাকার ট্রাস্ট মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ আহবান জানান। খালেদা জিয়া বলেন, এই সরকার ক্ষমতা থেকে বিদায় নিলে দেশের মানুষ দুর্নীতি, সন্ত্রাসমুক্ত হবে। তিনি বলেন, আগামীদিনে ১৮ দল ক্ষমতায় এলে জনগণের নিরাপত্তা, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা হবে। বিশ্বে আদর্শ দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করবো। ইফতারে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাসির উদ্দিন, গাজীপুরের নবনির্বাচিত মেয়র অধ্যাপক এমএ মান্নান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্ল¬াহ বুলু ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। ১৮ দলের শরিকদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদোয়ান উল্ল¬াহ শাহিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, এনডিপি সভাপতি গোলাম মোর্তজা, লেবার পার্টি সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টি সভাপতি আবদুল মুবিন, ন্যাপ ভাসানী সভাপতি জেবেল রহমান গানি, ডেমোক্রেটিক লীগের মহাসচিব সাইফুদ্দিন মনি, এনপিপি’র মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান ,হামদুল্ল¬াহ আল মেহেদী, এনপিপির মহাসচিব ড. ফরিদুজ্জামান ফরহাদ, মুসলীম লীগ সভাপতি এ,এইচ, এম আতিকুল ইসলাম, আলমগীর মজুমদার প্রমুখ। ইফতারের আগে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ (বীর বিক্রম)। অলি আহমদ বলেন, এই সরকার যখনই ক্ষমতায় এসেছে দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। তাদের হাত থেকে নিষ্কৃতি চায় মানুষ। কর্নেল অলি আহমেদ বলেন, আসুন আমরা রোজার মাসে আল্লাহর কাছে দোয়া করি, এই স্বৈরাচারের হাত থেকে আল্লাহ যেন দেশের মানুষকে রক্ষা করেন। রেদোয়ান আহমেদ বলেন, রোজার মাসে ইফতার মাহফিলের মাধ্যমে রোজার পরে আন্দোলন জোরদার করার জন্য কাজ করছি। রমজানের পরে আমরা এমন আন্দোলন করবো ১৪ দলীয় জোটের কোথাও নাম থাকবে না।