নরসিংদীতে স্কুল ছাত্র খুন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৫
নরসিংদীতে শহরের দাসপাড়ায় গত সোমবার রাতে খুন হয়েছে শহীদুজ্জামান ফয়সাল (১৫) নামের এক স্কুল ছাত্র। সে নরসিংদী এলজিইডিতে কর্মরত অফিস সহকারী আব্দুস সামাদের পুত্র ও ব্রাহ্মন্দী কে.কে.এম. সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ফয়সাল গত সোমবার ইফতারের পর তার বন্ধু সানির মোবাইল ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যায়। ফয়সাল ও সানি দাসপাড়া এলাকায় গেলে সেখানে জুয়েল-মাসুম বাহিনী দা, চাপাতি, কুড়াল নিয়ে তাদের উপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ফয়সাল ও সানি মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজন ফয়সালকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে সানির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জুয়েল-মাসুম বাহিনী ও তাদের প্রতিপক্ষ ফয়সাল-সানি বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ফয়সাল খুন এবং সানি গুরুতর আহত হয়। পুলিশ আসামি গ্রেফতারে জোর তত্পরতা শুরু করেছে।