এখন অস্থির সময় যাচ্ছে তবে এই অস্থিরতা থাকবে না :তথ্যমন্ত্রী

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এখন বাংলাদেশ একটি অস্থির সময় অতিক্রম করছে, তবে ক’দিন পর এ অস্থিরতা আর থাকবে না। মাওলানা শাহ আহমদ শফির তেঁতুল তত্ত্ব, যুদ্ধাপরাধীদের রক্ষার চক্রান্ত সবই নস্যাত্ হয়ে যাবে। তিনি বলেন, গোলাম আজমের রায়ের দিন সংসদে বিরোধী দল বিএনপির অনুপস্থিতি প্রমাণ করেছে তারা মানবতাবিরোধী অপরাধীদের পাশে আছে। মন্ত্রী বলেন, গোলাম আজমের রায়ে সরকার সন্তুষ্টি প্রকাশ করলেও দেশের আপামর জনতা এ রায় প্রত্যাখ্যান করেছে। দেশবাসী তার মৃত্যুদণ্ড আশা করেছিল। দেশবাসীর সঙ্গে আমিও এই রায়ে ক্ষুব্ধ। তিনি আরো বলেন, সরকারের উচিত দেশবাসীর আকাঙ্ক্ষাকে নজরে এনে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা। গতকাল মঙ্গলবার ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’ আয়োজন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক সাংবাদিক সম্মেলন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ বছরের ৭ থেকে ৯ সেপ্টেম্বর লন্ডনে বসবে এই ই-বাণিজ্য মেলা। মেলা আয়োজক কমিটির এ সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন আইসিটি মন্ত্রণালয়ের সচিব মো: নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক আসাদ আলম সিয়াম। আরো বক্তব্য রাখেন, আইসিটি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, কমজগত্ টেকনোলোজিসের সিইও আবদুল ওয়াহেদ তমাল, মাহবুব জামান প্রমুখ। সাংবাদিক সম্মেলনে হাসানুল হক ইনু বলেন, মহাজোট সরকারের আমলে সাড়ে ৪ হাজার ইউনিয়নে তথ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। যা বাংলাদেশকে যুক্ত করেছে বিশ্বের সঙ্গে। নজরুল ইসলাম খান বলেন, লন্ডনের গ্লুচেস্টার মিলিনিয়াম হোটেলে যৌথভাবে ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন ও কম্পিউটার জগত্। দেশের বাইরে প্রথম এই ই-বাণিজ্য মেলায় ৫০টি স্টলের ব্যবস্থা রয়েছে। যারা মেলায় অংশগ্রহণে আগ্রহী তাদের ২৫ জুুলাইয়ের মধ্যে ই-বাণিজ্য মেলার আয়োজকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।