যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে আজ মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ-বিএনপি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৫৮
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত এক সেমিনারে আজ বুধবার মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতারা। হাউস অব লর্ডসের দক্ষিণ এশিয়া মানবাধিকার বিষয়ক কমিটির বাংলাদেশ বিভাগ এই সেমিনারের আয়োজন করেছে। ‘হিউম্যান রাইটস এ্যান্ড ডেমোক্রেসি অব বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারে অংশ নেয়ার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগ ও বিএনপি’র বেশ কয়েকজন নেতা লন্ডনে এসে পৌঁছেছেন। আজ রাত ১০টায় হাউস অব লর্ডসের কমিটি হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ব্রিটিশ অল পার্টি হিউম্যান রাইটস পার্লামেন্টারি কমিটির ভাইস চেয়ারম্যান লর্ড এরিক এ্যাভবেরি এই সেমিনারে সভাপতিত্ব করবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সেমিনারে আওয়ামী লীগের পক্ষে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- এলাহী, দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, আইন ও বিচার বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু এমপি এবং সাবের হোসেন চৌধুরী এমপি। সুরঞ্জিত সেন গুপ্ত ছাড়া বাকীরা সোমবার লন্ডনে এসে পৌঁছেছেন। অন্যদিকে বিএনপি’র পক্ষ থেকে এই সেমিনারে যোগ দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধী দলীয় নেত্রীর উপদেষ্টা শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন এবং ব্যারিস্টার নওশাদ জমির। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পাশাপাশি চলমান রাজনৈতিক সংঘাত এবং আগামী নির্বাচন প্রক্রিয়া নিয়ে এ সেমিনার উত্তপ্ত হবে বলে মনে করা হচ্ছে। এদিকে যুক্তরাজ্য বিএনপি’র একটি সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত ওই সেমিনারে যোগ দেয়ার জন্য লন্ডনে আসলেও তিনি গতকাল মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন সদস্যের সাথে বৈঠক করেছেন। এদিন তার স্থানীয় বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে যোগ দেয়ার কথা। বৃহস্পতিবার দেশে ফেরার আগে মির্জা ফখরুল লন্ডনে অবস্থানরত বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথেও সাক্ষাত্ করবেন।