আশুলিয়ায় মিনিবাস নদীতে সাতজন নিহত, আহত ১৫

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২৩:০৫
আশুলিয়ায় তুরাগের টোলপ্লাজা সংলগ্ন ধউর এলাকায় দু’টি মিনিবাসের সংঘর্ষে একটি বাস নদীতে পড়ে গিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, সাভারের উলাইলে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নাইম পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে গ্রামীণ সেবা পরিবহনের বাস নদীতে পড়ে তলিয়ে যায়। উদ্ধার অভিযানে নামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সংস্থা। বেশ কয়েক জন সাঁতরে উপরে উঠে গেলেও বাসের মধ্যে থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন হেলপার আবদুর রহমান বাবু (৫০) ও যাত্রী রবিউল্লাহ (২২)। নিহতদের সকলেই পুরুষ। মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থল থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরো অনেকেই নিখোঁজ আছে। আহতদের স্থানীয় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে। ৩ জনের একটি ডুবুরি দল নিখোঁজ যাত্রীদের সন্ধানে নদীতে নামে। দুপুর ১২টার কিছুক্ষণ আগে নৌবাহিনীর ১০ সদস্যের ডুবুরি দল উদ্ধার তত্পরতা শুরু করে। ঘটনাস্থলে আনা হয় পুলিশের একটি বৃহত্ ক্রেন। এর কিছু সময় পর রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের একটি দলও ঘটনাস্থলে আসে। এ ঘটনায় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কে আটকা পড়ে অসংখ্য যানবাহন। মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের পোহাতে হয় চরম ভোগান্তি। বেলা আড়াইটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি আলাউদ্দিন জানান, তারা ডুব দিয়ে পানির নিচে গাড়িটির ভেতরে কোন মৃতদেহ দেখেননি। এখন গাড়িটির আশপাশে তল্লাশি চালানো হচ্ছে। বাসটি প্রায় ৪০ ফুট পানির নিচে ছিল বলেও জানান তিনি। যাত্রী আ. বারেক জানান, আবদুল্লাহপুর থেকে নবীনগরগামী গ্রামীণ সেবা পরিবহন গাড়িটি বিপরীত দিক থেকে বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে অনেক যাত্রী দাঁড়িয়েও ছিলো। এ ঘটনায় তিনিও মারাত্মকভাবে আহত হন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, “বাসটি ১৫ থেকে ২০ জন যাত্রী নিয়ে ডুবে যায় বলে আমরা জানতে পেরেছি।” ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার শফিউল্লাহ দিদার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারে প্রাণান্ত চেষ্টা চালিয়েছে। দুপুরে ক্রেনের সাহায্যে বাসটি ডাঙ্গায় তোলা হয়। তখনও ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছিল। বাসটির মধ্যে আর কোন মৃতদেহ না থাকায় দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে উদ্ধার কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইলে দ্রুত গতিতে আসা একটি লেগুনা বাসের চাপায় পথচারী এক বৃদ্ধার মৃত্যু হয়। পুলিশ লেগুনা বাসসহ চালককে আটক করে।