মিসরে মুরসি সমর্থক ও পুলিশ সংঘর্ষে নিহত ৭

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২৩:০৫
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আড়াইশর বেশি। সোমবার রাতভর দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলে। যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের সফরকালের মধ্যেই এ সংঘর্ষ হলো। খবর বিবিসি ও রয়টার্সের। মিসরের জরুরি সেবা সংস্থার প্রধান মোহাম্মদ সুলতান গতকাল মঙ্গলবার জানান, কায়রোর কেন্দ্রস্থলে ষষ্ঠ অক্টোবর ব্রিজের কাছে নিহত হয়েছে দুইজন। আর রাজধানী কায়রোর গিজা এলাকায় নিহত হয়েছে আরো ৫ জন। কর্তৃপক্ষ এ লড়াই-সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে চারশর বেশি লোককে গ্রেফতার করেছে। আবার নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশটিতে অনিশ্চিত হয়ে পড়েছে অন্তর্বর্তী মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া। সোমবার রাতে মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা রাজধানী থেকে নীল নদ যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ অক্টোবর ব্রিজ অবরোধ করে। এ সময় পুলিশ তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করে। পাল্টা বিক্ষোভকারীরা ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এর ফলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে গত ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে। এর জের ধরে সৃষ্ট ব্যাপক সংঘর্ষে ৯২ জন নিহত হয়। এরপর এক সপ্তাহ মোটামুটি শান্ত থাকার পর আবার সংঘর্ষের ঘটনা ঘটল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ২৬১ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২৪ জন এখনো হাসপাতালে চিকিত্সাধীন। আহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছে। মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা বলছেন, নিরাপত্তা বাহিনী শান্তিপূর্ণ সমাবেশে গোলাবারুদ ব্যবহার করেছে।