জামায়াত আজ বুধবার সারাদেশে আবার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মামলার রায় ঘোষণার দিন ধার্য্যের পর দলটি এ হরতালের কর্মসূচি ঘোষণা করে। এ নিয়ে চলতি সপ্তাহে জামায়াতের তৃতীয় দফা হরতাল।
হরতালের সিদ্ধান্ত ঘোষণা করে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, সরকার জামায়াতের নেতৃবৃন্দকে মামলায় সাজা দিয়ে সরকার বিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার নীল নকশা প্রণয়ন করেছে। বিবৃতিতে তিনি হরতালকে সফল করার জন্য জনগণের প্রতি আহবান জানান।
