৩য় বারের মতো ‘সবুজ বাংলা কৃষকের ঈদ আনন্দ’

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪১
৩য় বারের মতো বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জিটিভি দর্শকদের ঈদের আনন্দ আরও একটু বাড়িয়ে দেওয়ার জন্য আয়োজন করল ‘সবুজ বাংলা কৃষকের ঈদ আনন্দ’ উত্সব। কৃষকদের অংশগ্রহণে নাচ, গান ও মজার মজার গেইম শো নিয়ে নির্মিত হয়েছে এই ম্যাগাজিন অনুষ্ঠান। ১৯টি বিষয় দিয়ে সাজানো এই অনুষ্ঠানের ১০টি ব্যতিক্রমী গেম দিয়ে সাজানো হয়েছে, বাকি ৯টি বিষয় সাজানো হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে যেখানে পারফর্মেন্স করেছেন কৃষাণ-কৃষাণীরা। অনুষ্ঠানে যে গেমগুলো রাখা হয়েছে তার মধ্যে ঘোড়া দৌড়, বাচ্চাদের ব্যাঙ লাফ, মেয়েদের চুলের বেণী বানানো ও হাতে নকশা করে মেহেদী পরা, নদীতে হাঁস ধরা প্রতিযোগিতা, পালতোলা নৌকা বাইচ (যা টেলিভিশনের অনুষ্ঠানের প্রথমবার দর্শক দেখতে পাবেন), ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, ষাটোর্ধ্ব নানার পিঠে নাতিকে চড়িয়ে ঘোড়ার মতো দৌড়, প্রথমবারের মতো কৃষি বিষয়ক অনুষ্ঠানের ৩০ জন পুলিশের অংশগ্রহণে চিপস্ খেলা, ২০ জোড়া প্রবীণ কৃষাণ-কৃষাণীদের নিয়ে নৃত্য প্রতিযোগিতা এবং মেয়েদের দড়ি লাফ। অনুষ্ঠানের কৃষকদের নিয়ে একটি ফ্যাশন শোয়ের আয়োজন করা হয় যাতে আমাদের কৃষি জীবনের নানা উপকরণ দিয়ে মডেল হন স্থানীয় কৃষাণ-কৃষাণীরা। অনুষ্ঠানটি নির্মাণ প্রসঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক ড. বায়েজিদ মোড়ল বলেন, ‘অনুষ্ঠানে আমি গ্রামবাংলার কৃষাণ-কৃষাণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পেয়েছি। পাশাপাশি প্রায় দশ হাজারের উপরে দর্শক উপস্থিত হয়েছিল মাঠে। আমি ১৩ বছর যাবত্ টেলিভিশনে অনুষ্ঠান পরিচালনা করি কিন্তু এত আনন্দ আগে কখনও পাইনি। আমার বিশ্বাস এই অনষ্ঠানটি এবার ঈদের টিভি অনুষ্ঠান হিসেবে ড্রয়িং রুমে বসে যারা টিভি দেখবেন সবার ভালো লাগবে।’ এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলোর মধ্যে রয়েছে নাচ, গান, কৌতুক, অভিনয়। পুরো অনুষ্ঠানটি ধারণ করা হয় ময়মনসিংহে। ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ও আশপাশের নদীতে চলে ১০টি গেম এবং টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বন বিভাগের পাশের মাঠে ঘোড়া দৌড় অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার সময় ১০-১৫ হাজার মানুষ উপস্থিত হয়েছিল। ময়মনসিংহের জেলা প্রশাসক ও সদরের এমপি উপস্থিত ছিলেন। কৃষিবিদ মেহবুবা মোনার উপস্থাপনায় ও ড. বায়েজিদ মোড়লের প্রযোজনায় বিশেষ এই অনুষ্ঠাটি জিটিভির ঈদ আয়োজনে প্রচারিত হবে।