বৃক্ষমেলায় ৩ দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪১
মাগুরা মাগুরার শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৩ উদ্যাপন উপলক্ষে গত ৭ হতে ৯ জুলাই পর্যন্ত কৃষি অফিস মুক্তমঞ্চে শ্রীপুর সংগীত নিকেতন শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় একই মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত নিকেতনের সভাপতি সিরাজুল ইসলাম টোকন, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু, কিশোর কুমার রায় মধু ও উত্তম অধিকারীর সার্বিক ব্যবস্থাপনায় কণ্ঠ পরিবেশন করে মাগুরা জেলা ও খুলনা বিভাগীয় পর্যায়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত লোকসংগীতের সেরা কণ্ঠ ও শ্রীপুর সংগীত নিকেতনের নিয়মিত শিল্পী তায়েবা সুলতানা তিশা। এ ছাড়াও অন্যান্যের মধ্যে সংগীত পরিবেশন করে বিনতি সরকার, অনন্যা রায় মিমি, শারমিন, মাহাবুব, দিপা শিকদার, সৃষ্টি বিশ্বাস, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, আয়ুব হোসেন মোল্লা, এশা খোন্দকার, সবুজ ও অংকুর প্রমুখ। গানের পরপরই মঞ্চে প্রদর্শিত হয় নৃত্য। অন্তি নন্দি, বিনতি সরকার, বেলা ও তিথিয়ার নৃত্যে গোটা অনুষ্ঠানটির দর্শকদের মাতিয়ে তোলে। গত ৭ জুলাই উদ্বোধনী প্রথম দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এমএস আকবর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার নাথ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস। উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কুমার চক্রবর্তী ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় গত ৯ জুলাই বিকেলে আনুষ্ঠানিকভাবে এ মেলার সমাপনী ঘোষণা করা হয়। সমাপনী দিনে নার্সারি মালিকদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়েছে।