কয়েক বছর পর আবারও মোশাররফ করিম ও লাক্সতারকা রাখি জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন আসছে ঈদের জন্য নির্মিত ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে। ‘মীরজাফর মীর’ নামের এই নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন শামস্ করিম। এই নাটক ও দুই অভিনয়শিল্পীর অভিনয়ের নানা গল্প নিয়ে এবারের মূল ফিচার। লিখেছেন খালেদ আহমেদ
ছোটপর্দায় বহু সফল গল্পের রূপকার হিসেবে দর্শকদের পছন্দের এক তারকার নাম মোশাররফ করিম। তার অভিনীত প্রথম নাটক ‘অতিথি’। যা ১৯৯৯ সালে চ্যানেল আইয়ে প্রচার হয়। যদিও অভিনয়ের প্রথম জীবন তার জন্য কষ্টের ছিল। তার সত্যিকার পথচলা শুরু হয় ২০০৪ সাল হতে। ওই সময় তিনি দুটি নাটকে অভিনয় করেন, যা অভিনয়জগতে তাকে এক অধ্যবসায়ী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি টেলিফিল্ম ‘ক্যারাম’-এ তিশার বিপরীতে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। এরপর ২০০৯ সালে তিনি মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে তিশার বিপরীতে অভিনয় করেন। তার প্রথম মেগা-ধারাবাহিক ‘৪২০’। এই নাটকটি চ্যানেল আইয়ে প্রচারিত হয়। এরপর তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘ভবের হাট’, ‘ঘরকুটুম’-এ অভিনয় করেন। এ ছাড়াও তিনি হুমায়ূন আহমেদের কাহিনীর উপর ভিত্তি করে ও তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করেন। এরপর মুহম্মদ মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ও মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ ছবিতে অনবদ্য অভিনয় করেন। মোশাররফ করিম অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—‘লং মার্চ’, ‘রেড সিগনাল’, ‘জিম্মি’, ‘দুই রুস্তম’, ‘অন্তনগর’, ‘ফ্লেক্সিলোড’, ‘কিংকর্তব্যবিমূঢ়’, ‘আউট অব নেটওয়ার্ক’, ‘সাদা গোলাপ’, ‘৪২০’, ‘জুয়া’, ‘সুখের অসুখ’, ‘সিরিয়াস কথার পরের কথা’, ‘সন্ধান চাই’, ‘সিটি লাইফ’, ‘বিহাইন্ড দ্য সিন’ ইত্যাদি। সম্প্রতি পানীয় পণ্য ‘ফাইটার এনার্জি ড্রিংকস’-এ মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক। এরমধ্যে মাছরাঙা টিভিতে ‘ইউনিভার্সিটি’, এটিএন বাংলায় ‘ঝুলন্ত বাবুরা’ ও ‘কবুলিয়তনামা’, দেশ টিভিতে ‘রেডিও চকোলেট রিলোডেড’। এতকিছুর পরও মোশাররফ করিমের নামের সাথে আরেকটি তকমা জড়িত হয়েছে তা হলো নাট্যকার। এখন তিনি নিয়মিত নাটক লিখছেন। বর্তমানে তার নিজের লেখা একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এসএ টিভিতে। নাটকটির নাম ‘বিশেষ দ্রষ্টব্য’। এই নাটকটি লেখার পাশাপাশি তিনি এতে অভিনয়ও করেছেন। একই সঙ্গে তার স্ত্রী জুঁই করিমও অভিনয় করছেন নাটকটিতে। এক প্রশ্নের জবাবে মোশাররফ করিম বলেন, ‘আজ থেকে দশ বছর আগে তিনি নাট্যকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করেন। ওই নাটকটির নাম ছিল ‘পূর্ব রাগ’। এরপর লেখেন ‘টেস্ট’ নামে একটি নাটক। অনেক পরে এসে লিখলেন একটি ধারাবাহিক। ‘বিশেষ দ্রষ্টব্য’ নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘একটি দম্পতির সাংসারিক জীবনের নানা সমস্যার কথা নিয়েই এ নাটকের গল্প।’ বর্তমান ব্যস্ততা সম্পর্কে তিনি বলেন, ‘আরও কিছু নতুন ধারাবাহিক নাটকে কাজ করছি। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটক লেখার প্লট মাথায় নিয়ে ঘুরছি। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যেই আছি।’ অন্যদিকে মিডিয়ার প্রতি রাখির আগ্রহ ছোটবেলা থেকেই। তাই ২০১০ সালে প্রতিভাময়ীদের তারকা হওয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় নাম লেখান। নিজের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে রাখি শত শত তরুণীকে পেছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। তার ভাষ্যে, ‘লাক্সের অভিজ্ঞতা আসলে বুঝিয়ে বলতে পারব না। আমার জীবনের সবচেয়ে ভালো অভিজ্ঞতা হলো লাক্স। ওখানে গিয়েই আমি নিজেকে নতুনভাবে আবিষ্কার করি। বিশেষ করে গ্রুমিং সেশনটা ছিল অনেক শেখার। আমার মনে হয়, লাক্স থেকে বের হয়ে কেউ এই অভিজ্ঞতা ভুলতে পারবে না। সত্যি বলতে কি, লাক্সের প্ল্যাটফর্মের জন্য আমাকে মিডিয়ার কাজ করতে সেভাবে স্ট্রাগল করতে হয়নি।’ লাক্স তারকার তকমা নিজের নামের সাথে যুক্ত হওয়ার পর তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন আপন গতিতে। তার উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রের মধ্যে রয়েছে—‘ক্লোজআপওয়ান টুথপেস্ট’, ‘ফেয়ার অ্যান্ড লাভলী’, এলিট পেইন্টের ‘বৃষ্টির রঙ’, ‘সিলন টি’, ‘মেরিল লিপজেল’, ‘প্যারাসুট হেয়ারঅয়েল’ প্রভৃতি। শুধু মডেলিং নয়, অভিনয়েও বেশ দক্ষ এই লাক্স সুন্দরী। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—এজাজ মুন্নার পরিচালনায় ধারাবাহিক ‘জেনারেশন নেক্সট’, তাহের শিপনের ‘বিবাহিত ব্যাচেলর’, সকাল আহমেদের ‘টার্মিনাল’ এবং এক খণ্ডের নাটক খলিলুর রহমান শাওনের পরিচালনায় ‘দোস্ত দুশমন’, সকাল আহমেদের পরিচালনায় ‘সংসার’, মিঠু বিশ্বাসের ‘চলে যাওয়া মানে প্রস্থান নয়’, চয়নিকা চৌধুরীর ‘বিচ্ছেদ’, সাইফুল আলম মান্নুর ‘ফর গিভ মি’, ‘জামাল মল্লিকের ‘সত্যি বলছি আমি চান্দু মিয়া না’, শাহীন কবির টুটুলের ‘হোন্ডা মাসুদ’, রাকিবুল ইসলামের ‘সমস্যা’, জুবায়ের ইবনে বকরের ‘নাটক হিট’ প্রভৃতি। এখন তার ব্যস্ততা ঈদের নাটক নিয়ে। মোশাররফ করিম ও রাখি প্রথম জুটিবদ্ধ হয়ে কাজ করেন সালাহউদ্দিন লাভলু পরিচালিত টেলিফিল্ম ‘সবিনয়ে জানতে চাই’ নাটকে। এরপর আরও বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন এই জুটি। এবারই প্রথম আসছে ঈদের জন্য নির্মিত ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন তারা। এই নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন ও পরিচালনা করেছেন শামস্ করিম। সম্প্রতি নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, নিজেকে লেখক হিসেবে পরিচয় দেয় মোশাররফ করিম রাখির কাছে। তাকে নায়িকা বানানোর স্বপ্নও দেখায়। এগিয়ে যায় নাটকের গল্প। এই নাটকে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘শামসের নির্দেশনায় এর আগেও ‘হীরার নেকলেস’ নাটকে অভিনয় করেছি। এবার ছয়পর্বের ধারাবাহিকে কাজ করেছি। কাজটি সত্যিই অনেক ভালো হয়েছে। রাখি অনেক প্রাণবন্ত অভিনয় করে। ভবিষ্যতে অনেক বড়মাপের একজন শিল্পী হতে পারবে যদি কাজে তার ধারাবাহিকতা থাকে।’ আর রাখি বলেন, ‘করিম ভাই খুবই সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। মানুষ হিসেবেও অসাধারণ। আমার সাথে কাজের প্রথম পরিচয় থেকেই তিনি আমাকে ভীষণ সহযোগিতা করে আসছেন। আমি নিজেও তার ভক্ত। আমাদের এই কাজটি দর্শকের ভালো লাগবে আশা করি।’ উল্লেখ্য, মোশাররফ করিম ও রাখি অভিনীত অন্য নাটকগুলো হচ্ছে সালাহউদ্দিন লাভলুর ‘বাড়াবাড়ি’, রায়হান খানের ‘টেন মিলিয়ন ডলার’।
