কালার অব ক্যামব্রিজ

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ১৮:৪৭
বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় সম্প্রতি প্রচার শুরু হয়েছে ধারাবাহিক নাটক ‘কালার অব ক্যামব্রিজ’। মাসুম রেজার রচনা ও ফজলুল কবির তুহিনের পরিচালনয় এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, গোলাম ফরিদা ছন্দা, ইউসুফ হাসান অর্ক, সুজানা আনসার, হাফিজ আলম বকস, ঝুনা চৌধুরী, সালেহ কামাল, ইরফাত আরা, অপু চৌধুরী, সুমি, আপেল মাহবুব, রোমান রহমান, সাইদুর প্রমুখ। আমেরিকায় চিত্রায়িত এবং আমেরিকার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক বাঙালির জীবনধারাকে ঘিরেই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। চাকচিক্যে ভরা প্রবাস জীবন প্রতিনিয়তই বাঙালিকে হাতছানি দেয়। কিন্তু এই প্রবাস জীবনেও রয়েছে নানা রকম জটিলতা। দেশের বাইরে সুন্দর ভবিষ্যত্ গড়তে যাত্রা করা এমনই কয়েকজনের জীবনের নানা রকম চড়াই উতরাই তুলে ধরা হয়েছে নাটকে। নাটকের চরিত্রের মাধ্যমে উঠে আসবে প্রবাস জীবনের একাধিক বাস্তব চিত্র। নাটক প্রসঙ্গে পরিচালক ফজলুল কবির তুহিন বলেন, ‘এই নাটক দেখে দর্শকরা শুধু বিনোদন পাবেন, তা নয়। এর মধ্যে আছে বেশ কিছু মেসেজ। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।’ ধারাবাহিক নাটক ‘কালার অব ক্যামব্রিজ’ প্রচারিত হয় প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৯টা ২০ মিনিটে।