অভিনয়ে নিজেকে সঁপে দিয়েছেন এ্যানি। শুধু অভিনয় নয়, নাচ ও মডেলিংয়েও তার পারর্ফমেন্স সবার নজর কেড়েছে। আমাদের এবারের আয়োজনে উঠে এসেছে তার বর্তমান ও ভবিষ্যত্ পরিকল্পনার কথা। জানাচ্ছেন খালেদ আহমেদ ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত
মিডিয়ার প্রতি এ্যানির আগ্রহ ছোটবেলা থেকেই। এই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটাতে না পারলে ও নিজেকে সামলে রেখেছেন দীর্ঘ সময়। আর সুযোগের প্রহর গুনেছেন মনের লালিত স্বপ্ন পূরণের জন্য। শুরুটা নাচ দিয়ে হলেও এ্যানির আগ্রহটা বেশি ছিল অভিনয়ের দিকেই। সেই আগ্রহের পূর্ণতা পায় রেদওয়ান রনির পরিচালনায় জনপ্রিয় ধারাবাহিক ‘এফএনএফ’-এর মাধ্যমে। এসটিভিতে প্রচারিত হওয়া এই নাটকটি এ্যানির পরিচিত এনে দেয় অন্যান্য নির্মাতাদের কাছে। সেই পরিচিতির কারণেই সুযোগ পেয়ে যান ‘পালকি’ নাটকে। মুক্তিযুদ্ধের নাটক পালকিতে অভিনয় করে দর্শক প্রিয়তা পান এ্যানি আবেদীন। হিমু আকরামের রচনা ও পরিচালনায় নির্মিত ‘পালকি’ নাটকে সজলের বিপরীতে অভিনয় করেন তিনি। গল্প আর ব্যতিক্রমধর্মী চরিত্রের জন্য এই নাটকটি তার ক্যারিয়ারে অনেক বড় একটা অর্জন বলেই বিশ্বাস করেন এ্যানি। ‘পালকি’ নাটকের সাফল্যের পর ব্যতিক্রমধর্মী গল্পের অপেক্ষায় থাকেন এ্যানি আবেদীন। অপেক্ষার প্রহর শেষে হাতে পান ‘এই সময়ে সেইসব মানুষেরা’ নাটকের স্ক্রিপ্ট। হুমায়ূন আহমেদের আলোচিত এবং দর্শক নন্দিত সব চরিত্র নিয়ে নির্মিত নাটকটিতে অভিনয় করে এ্যানির পরিচিতি বেড়ে যায় দর্শক মহলেও। নাটক—তিন অক্ষরের এই শব্দের প্রতি অ্যানির সবসময় তীব্র টান অনুভব করেছেন। তাই তো বিজ্ঞাপনের বহু অফার তাকে ফিরিয়ে দিতে হয়েছে। বারবার ছুটে গেছেন নাটকের কাছেই। সেই ছুটে যাওয়ার মিছিলে এবার যোগ হয় ‘রেড ড্রাগন টু রজনীগন্ধা’। এটিএন বাংলায় প্রচারিত জনপ্রিয় এই ধারাবাহিক নাটকে আজিজুল হাকিমের বিপরীতে অভিনয় করেন এ্যানি। ধারাবাহিকটির পরিচালনা করেন আশুতোষ সুজন। খণ্ড নাটক করার আগ্রহ বেশি থাকলেও বারবার ধারাবাহিকের অফারই আসতে থাকে এ্যানির কাছে। সেই সূত্রে ‘কলেজ’ নাটকের স্ক্রিপ্ট এসে পড়ে তার হাতে। মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হওয়া জনপ্রিয় এই নাটক অ্যানির জনপ্রিয়তাকেও নিয়ে যায় বহুদূর। ‘কলেজ’ নাটকে শখ-নিলয়ের পাশাপাশি এ্যানিকেও ভিন্নভাবে দেখতে পায় দর্শক। পল্লব বিশ্বাসের রচনা ও পরিচালনায় এবং রেদওয়ান রনির গল্পে নির্মিত হয় ‘কলেজ’ নাটক। অভিনয়ের গন্তব্য বহুদূর বলেই এ্যানির স্বপ্ন সবসময়ই তার হাতে এসে ধরা দেয়। তেমনি এক গল্প ‘গন্তব্য চুনখালী’ গ্রাম্য পটভূমিতে নির্মিত এই গল্পে এ্যানির চরিত্র ফেরিওয়ালা। গ্রামের পথে আলতা, চুড়ি, ফিতা ফেরি করে বেড়ানো একজন মেয়ের নিজের স্বপ্নহীন জীবনের গল্প-ই ‘গন্তব্য চুনখালী’। চ্যানেল আইয়ে প্রচারিত হওয়া এই নাটকটি প্রশংসা পেয়েছে দর্শক মহলেও। নাচ না অভিনয়? কোন মাধ্যমের প্রতি অ্যানির আগ্রহ বেশি। প্রশ্ন করলে এ্যানি বলেন, ‘নাচটা শুধু নিজের জন্য করা। নিজের ভালো লাগাকে প্রাধান্য দেওয়া। আর অভিনয় নাটকের প্রেরণা জোগায়।’ এ্যানি আবেদীনের অন্যান্য আলোচিত নাটকগুলো হচ্ছে—‘জেন্টেলম্যান সুরুজ’, ‘নজিরবিহীন নজরআলী’, ‘ডুবাইয়াওয়ালা’, ‘ল্যাম্পপোস্টের নিচে’ প্রভৃতি। মিডিয়ার অসংখ্য নতুনদের ভিড়ে নিজের অবস্থান সু-দৃঢ় করতে একের পর এক ভালো নাটকে কাজ করে যেতে চান এ্যানি আবেদীন। শুধু ভালো গল্প আর ভালো পরিচালক হলেই হবে না—নিজের ভালো অভিনয় দিয়েই মিডিয়াতে টিকে থাকতে হয়। একেকজন সু-অভিনেত্রীর পেছনের গল্প-শ্রম, সাধনা আর অভিনয় দক্ষতায় ভরা। তেমনি শ্রম, সাধনা আর অভিনয় গুণে নিজেকে ধরে রাখতে চান দীর্ঘ সময়। নাটকের মানুষ হয়ে পার করতে চান আজন্ম।
