অস্ট্রেলিয়া প্রবাসী শিল্পী মালা তার এক গানেই অডিও বাজার মাত করেছিলেন। অবশেষে দীর্ঘ বিরতির পর আবারও এবারের ইদে তার নতুন কোনো গান রিলিজ হচ্ছে। ‘অমিয় সুধা’ নামের একটি মিক্সড অ্যালবামে জাহিদ আকবরের কথায় একটি সুফী ফোক গান গেয়েছেন। ‘ভ্রমরা গুনগুনিয়ে, বলে যায় কথা, কানে কানে’ এমন সহজ সাবলীল কথায় সাজানো হয়েছে মালার এই গানটি। গানটি প্রসঙ্গে গীতিকার বলেন, ‘মালার কণ্ঠ আর গায়কীর কথা চিন্তা করেই এই গানটি লেখা। সুরকার যখন আমাকে শিল্পীর নাম বললেন তখনই মাথায় নিলাম যে, প্রচলিত কিছু শব্দে নতুন করে গাওয়ালে মালার কণ্ঠে তা দারুণ লাগবে। তাই হয়েছে। গানটি আমার নিজের কাছেও এখন দারুণ প্রিয়।’ উল্লেখ্য, এই গানটির এরই মধ্যে মালা অস্ট্রেলিয়ার বিভিন্ন লোকেশনে ভিডিও তৈরি করেছেন। বাকি কাজ আগামী অক্টোবরে দেশে ফিরেই শেষ করবেন। গানটির এক্সক্লুসিভ ভিডিও খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে রিলিজ দেওয়া হবে।
